বাজারে জলপাই পাওয়া যাচ্ছে। এ সময় জলপাই দিয়ে কয়েক পদের খাবার রান্না করতে পারেন। এতে স্বাদে বৈচিত্র্য আসবে। রেসিপি দিয়েছেন মিতা আজহার
জলপাইয়ের ডাল
উপকরণ: জলপাই পাঁচ-ছয়টি, মসুরের ডাল এক কাপ, পেঁয়াজ কুচি একটি, রসুন কুচি তিন কোয়া, হলুদ গুঁড়া আধা চা চামচ, ধনিয়া গুঁড়া আধা চা চামচ, পাঁচফোড়ন আধা চা চামচ, কাঁচামরিচ ফালি চারটি, লবণ স্বাদমতো, পানি পরিমাণমতো, তেল দুই টেবিল চামচ।
প্রস্তুত প্রণালি: জলপাইয়ের গায়ে দাগ কেটে পানিতে ভিজিয়ে রাখুন। ডাল ধুয়ে সেদ্ধ করুন। ফুটে উঠলে হলুদ ও লবণ দিয়ে ঘুটে নিন। জলপাই দিয়ে সেদ্ধ করুন। এবার কাঁচামরিচ দিন। অন্য একটি পাত্রে তেল দিয়ে পেঁয়াজ কুচি, রসুন কুচি ও পাঁচফোড়ন দিয়ে বাদামি করে ভেজে নিন। এবার সেদ্ধ করা ডাল ঢেলে দিন। ফুটে উঠলে নামিয়ে সুন্দর পাত্রে পরিবেশন করুন।
উপকরণ: জলপাই ১০টি, পাঁচফোড়ন আধা চা চামচ, শুকনা মরিচ দুটি, তেজপাতা একটি, গুড় আধা কাপ, লবণ স্বাদমতো, সরিষার তেল তিন টেবিল চামচ, পানি পরিমাণমতো।
প্রস্তুত প্রণালি: প্রথমে জলপাই ধুয়ে দুই কাপ পানি দিয়ে সেদ্ধ করে চটকে নিন। এবার চুলায় কড়াই বসিয়ে তেল দিন। গরম হলে পাঁচফোড়ন, শুকনা মরিচ ও তেজপাতা দিয়ে নাড়ুন। সেদ্ধ করা জলপাই দিয়ে এক কাপ পানি, লবণ ও গুড় দিয়ে জ্বাল দিন। ঘন হলে নামিয়ে নিন।
জলপাই দিয়ে ছোট মাছ
উপকরণ: ছোট মাছ এক কাপ, জলপাই তিনটি, পেঁয়াজ কুচি দুটি, রসুন কুচি তিন কোয়া, হলুদ গুঁড়া আধা চা চামচ, মরিচ গুঁড়া আধা চা চামচ, ধনিয়া ও জিরা গুঁড়া আধা চা চামচ, পাঁচফোড়ন সামান্য, কাঁচামরিচ দুটি, সরিষার তেল দুই টেবিল চামচ, পানি পরিমাণমতো, লবণ স্বাদমতো।
প্রস্তুত প্রণালি: মাছ কেটে ধুয়ে জলপাই ফালি করে কেটে নিন। চুলায় হাঁড়ি বসিয়ে তেল গরম করে তাতে পেঁয়াজ-রসুন কুচি দিন। নেড়েচেড়ে পাঁচফোড়ন দিন। মাছ ও জলপাই বাদে একে একে সব উপকরণ দিয়ে কষিয়ে অল্প পানি দিন। এবার জলপাই দিয়ে নেড়েচেড়ে কিছুক্ষণ পর মাছ দিয়ে আরও এক কাপ পানি দিয়ে রান্না করুন। ঝোল থাকা অবস্থায় নামিয়ে নিন।
বিফ অলিভ
উপকরণ: গরুর মাংস এক কেজি, পেঁয়াজ কুচি এক কাপ, আদা বাটা এক টেবিল চামচ, জলপাই পাঁচ-ছয়টি, রসুন বাটা এক টেবিল চামচ, হলুদ গুঁড়া এক চা চামচ, মরিচ গুঁড়া এক চা চামচ, ধনিয়া গুঁড়া এক চা চামচ, জিরা গুঁড়া এক চা চামচ, মৌরি গুঁড়া আধা চা চামচ, দারচিনি চার টুকরা, এলাচ চার-পাঁচটি, লবঙ্গ চারটি, তেজপাতা দুটি, লবণ স্বাদমতো, তেল এক কাপ।
প্রস্তুত প্রণালি: গরুর মাংস, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, মৌরি বাটা ও লবণ দিয়ে মেখে এক ঘণ্টা মেরিনেট করে রেখে দিন। জলপাই ধুয়ে গায়ে দাগ কেটে পানিতে ভিজিয়ে রাখুন। এবার চুলায় হাঁড়ি বসিয়ে তেল দিন। দারচিনি, এলাচ, লবঙ্গ ও তেজপাতা দিয়ে নেড়েচেড়ে মেরিনেট করা মাংস দিয়ে কষিয়ে নিন। কিছুক্ষণ পর পানি দিয়ে ঢেকে দিন। ঢাকনা খুলে জলপাই দিন। মাংস সেদ্ধ হয়েছে কিনা তা চেক করে জ্বাল দিতে থাকুন। ঝোল মাখা মাখা হলে নামিয়ে নিন বিফ অলিভ। পোলাও কিংবা ভাতের সঙ্গে পরিবেশন করুন।