নির্বাচন ও রাজনৈতিক অঙ্গন থেকে দুর্বৃত্তায়ন বন্ধের প্রতি গুরুত্বারোপ করে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ও সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, ‘ক্ষমতার পালাবদলে যাতে দুর্নীতির পালাবদল না হয়, সে বিষয়ে সজাগ থাকা খুবই জরুরি। গত ১৫ বছরে আমরা দেখেছি, ক্ষমতার সঙ্গে জাদুর কাঠি যুক্ত ছিল। বিগত সময়ে ক্ষমতাসীন সংসদ সদস্য, মেয়র ও চেয়ারম্যান পদে নির্বাচিতদের সম্পদ আকাশচুম্বী হয়েছে। এটা বন্ধ করতে হবে।
বদিউল আলম বলেন, ‘আগামী নির্বাচনের সঙ্গে একই দিন গণভোট হবে কি না তা বিশেষজ্ঞদের সুপারিশ ও রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে অন্তর্বর্তী সরকারকে সিদ্ধান্ত নেওয়ার প্রস্তাব দেবে ঐকমত্য কমিশন। আমরা বিশ্বাস করি, বর্তমান নির্বাচন কমিশন একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেবে। তিনি বলেন, সুশাসন ও জবাবদিহি ছাড়া কেবল নির্বাচনের মাধ্যমে স্বৈরাচারী শাসনব্যবস্থার পরিবর্তন আনা সম্ভব নয়। তাই জুলাই সনদ বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে। ভবিষ্যৎ সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করলে তাদের পরিণতিও শেখ হাসিনার মতো হতে পারে।