সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

অ্যামাজন ইভেন্ট নতুন যা এলো

ঢাকা অফিস
  • আপডেট: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৩৪ বার পড়া হয়েছে

ই-রিডার, বাজেট ট্যাবলেট আর স্মার্টহোম ডিভাইসের জন্য সমাদৃত বিজনেস জায়ান্ট অ্যামাজন। ৩০ সেপ্টেম্বর বেশ কিছু নতুন মডেলের ডিভাইস উন্মোচন করেছে এই প্রতিষ্ঠান। বিস্তারিত জানাচ্ছেন এস এম তাহমিদ

হোম সিকিউরিটি

অ্যামজনের জনপ্রিয় হোম সিকিউরিটি ডিভাইস সিরিজ ‘রিং’। ভিডিও ক্যামেরাযুক্ত ডোর বেলের পাশাপাশি আছে বাসায় ব্যবহারের জন্য রিং সিকিউরিটি ক্যামেরা। নতুন রিং ভিডিও ডোর বেল প্লাস ডিভাইস পাচ্ছে ২কে রেজল্যুশনের ক্যামেরা, যা আগের ১০৮০পি রেজল্যুশনের প্রায় দেড় গুণ বেশি। রিং ইনডোর ক্যামেরারও রেজল্যুশন ২কে-তে উন্নীত করা হয়েছে।

একটি নতুন ক্যামেরাও উন্মোচন করা হয়েছে। প্রতিটি ক্যামেরা এবং ডোর বেল আপাতত
প্রি-অর্ডার নিচ্ছে অ্যামাজন, মূল্য ৫০ ডলার থেকে শুরু।অ্যালেক্সা প্লাস

নতুন ফিচার পাচ্ছে অ্যামাজনের নিজস্ব এআই অ্যাসিস্ট্যান্ট অ্যালেক্সা প্লাস। এখন থেকে দরজায় কে এসেছে তা শনাক্ত করতে পারবে অ্যালেক্সা।

ইকো স্মার্টহোম স্পিকার এবং ইকো শো স্মার্ট ডিসপ্লের মধ্যেও অ্যালেক্সা প্লাস এআই অ্যাসিস্ট্যান্ট যুক্ত করা হয়েছে। বাসার যাবতীয় স্মার্টহোম ডিভাইস নিয়ন্ত্রণের পাশাপাশি ব্যবহারকারীদের প্রশ্নের উত্তর দেওয়া, কথোপকথন চালানো এবং অ্যামাজনের বিভিন্ন ওয়েবসেবা ব্যবহারের জন্য সেটি কাজ করবে।

ফায়ার টিভি

অ্যামাজন ফায়ার টিভি সিরিজের স্বল্প এবং মাঝারি বাজেটের মডেলেও পাওয়া যায় উচ্চমানের সব ফিচার। বাজেট মডেল ফায়ার টিভি ২ সিরিজের মূল্য শুরু মাত্র ১৬০ ডলার থেকে, মাঝারি বাজেটের ফায়ার টিভি ৪ সিরিজের মূল্য শুরু ৩৩০ ডলার থেকে। ফ্ল্যাগশিপ মডেল ফায়ার টিভি অমনি মাত্র ৪৮০ ডলারে দিচ্ছে কিউএলইডি প্রযুক্তি। প্রতিটি টিভিতে থাকছে এআইভিত্তিক ভিডিও অ্যাডজাস্টমেন্ট সিস্টেম ‘অমনিসিয়েন্স’ এবং ডায়ালগ বুস্ট। পাশাপাশি থাকছে স্মার্ট টিভির অন্যান্য সব সুবিধাও। প্রতিটি টিভিতে চলবে অ্যানড্রয়েডভিত্তিক ফায়ার ওএস। টিভিগুলোতে অ্যালেক্সা প্লাস এআই অ্যাসিস্ট্যান্টও থাকছে। নতুন টিভি না কিনে, পুরনো নন-স্মার্টটিভিতে স্মার্ট ফিচার যোগ করার জন্য জনপ্রিয় ডিভাইস সিরিজ ‘ফায়ার টিভি স্টিক’। এই সিরিজের নতুন ডিভাইস ‘ফায়ার টিভি স্টিক ৪কে সিলেক্ট’ উন্মোচিত হয়েছে। মূল্য ৪০ ডলার।

কিন্ডল

বই পড়ার পাশাপাশি নোট লেখা বা জার্নালিংয়ের জন্য জনপ্রিয় অ্যামাজন কিন্ডল স্ক্রাইব সিরিজের ই-রিডার। ই-ইংক ডিসপ্লে সংবলিত ডিভাইসগুলোতে স্টাইলাস ব্যবহার করে সরাসরি লেখা বা আঁকা যায়। নতুন তিনটি মডেলের কিন্ডল স্ক্রাইব উন্মোচন করেছে অ্যামাজন। কিন্ডল স্ক্রাইব (৪৩০ ডলার), কিন্ডল স্ক্রাইব উইথ বিল্ট-ইন ফ্রন্ট লাইট (৫০০ ডলার) এবং কালার ই-ইংক স্ক্রিনযুক্ত কিন্ডল স্ক্রাইব কালারসফট (৬৩০ ডলার)। প্রতিটি ডিভাইসে থাকছে দুটি চমৎকার এআই ফিচার। উপন্যাস পড়ার মাঝখানে শুরুর দিকের প্লট ভুলে গেলে ‘স্টোরি সো ফার’ ফিচারটির মাধ্যমে ব্যবহারকারী গল্পের যেটুকু পড়েছেন তার সারাংশ জানা যাবে। অন্য ফিচারটির নাম ‘আস্ক দিস বুক’, বই পড়ার সময় সেটির ঘটনাবলি বা চরিত্র নিয়ে কোনো প্রশ্ন থাকলে সরাসরি এআইকে করা যাবে। নোট নেওয়ার জন্য ওয়ার্কস্পেস নামের একটি ফিচারও যোগ করা হয়েছে। তবে নতুন কিন্ডল স্ক্রাইব সিরিজের ডিভাইসগুলো কবে বাজারে আসবে জানা যায়নি।

নতুনরূপে ইকো স্পিকার

সনোস বা জেবিএল-এর তুলনায় ইকো সিরিজের স্মার্ট স্পিকারগুলোর মূল্য অনেকটাই কম। ফলে অনেকেই ইকো সিরিজের স্পিকার কেনে গান শোনার জন্য। যদিও এ কাজের জন্য ইকো স্পিকারগুলো ডিজাইন করা নয়। নতুন স্পিকারগুলোর ক্ষেত্রে তাই সাউন্ড কোয়ালিটির দিকে অ্যামাজন বাড়তি নজর দিয়েছে। নতুন ইকো ডট ম্যাক্স (১০০ ডলার) স্পিকারে আগের মডেলগুলোর চেয়ে তিন গুণ বেশি বেস পাওয়া যাবে। ইকো স্টুডিও (২২০ ডলার) স্পিকারে পাওয়া যাবে ডলবি অ্যাটমস সাউন্ড। এর পাশাপাশি ১১ ইঞ্চি ও ৮ ইঞ্চি ডিসপ্লে সংবলিত ‘ইকো শো’ ডিভাইসও উন্মোচিত হয়েছে, মূল্য যথাক্রমে ২২০ এবং ১৮০ ডলার। মূলত অ্যালেক্সা প্লাস এআই অ্যাসিস্ট্যান্ট এবং স্মার্টহোমের সব ডিভাইস নিয়ন্ত্রণের জন্য এগুলো ব্যবহার করা যাবে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com