মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

সড়ক দুর্ঘটনা

ঢাকা অফিস
  • আপডেট: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে

গোপালগঞ্জে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে যাত্রীবাহী বাস ও ইজিবাইকের সংঘর্ষে দম্পতিসহ চারজন নিহত হয়েছেন। তাদের মধ্যে দম্পতির মেয়েও রয়েছেন। গতকাল শনিবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার মাঝিগাতী বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মাদারীপুর জেলার কালকিনি উপজেলার রন্ধনপুর গ্রামের মোতালেব পাইক (৭৫), তাঁর স্ত্রী দেলোয়ারা বেগম (৬০) ও মেয়ে রুমা খানম (৩৫)। অপরজন হলেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার হেলেঞ্চা গ্রামের আবদুর রাজ্জাক শেখের ছেলে ওবায়দুর রহমান শেখ (৪৮)। ওই দম্পতি পরিবার নিয়ে আলফাডাঙ্গা উপজেলার ফলিয়া গ্রামে জামাতা হামিদুল ইসলাম মোল্লার বাড়িতে যাচ্ছিলেন। বুধবার নাতনি নাবিলা আক্তার নীলার বিয়ে রয়েছে।

খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মাঝিগাতী বাসস্ট্যান্ডে পৌঁছালে বিপরীত থেকে আসা ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ হয়। অন্যদিকে গতকাল বিকেলে গোপালগঞ্জে বাসের ধাক্কায় গাজী মো. হাফিজুর রহমান টিটো (৫২) নামের এক পথচারী নিহত হন। তিনি সদর উপজেলার ডুমদিয়া গ্রামের মো. লুৎফর রহমান ওরফে মন্টু গাজীর ছেলে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে স্টার লাইন নামে যাত্রীবাহী বাসের চাপায় গজারিয়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী নিহত হয়েছে। তার নাম শ্রাবন্তী (১৪)। গতকাল সকালে বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মহাসড়কে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান করলে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

মাধবপুরে শ্রমিকের প্রাণ কাড়ল ট্রাক 
হবিগঞ্জের মাধবপুরে কর্মস্থলে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় শসিন দাস পানিকা নামে এক কারখানা শ্রমিক নিহত হয়েছেন। গতকাল সকালে ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শসিন মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার কুরমা চা বাগানের বালক দাস পানিকার ছেলে।

আনোয়ারায় বাসচাপায় মাইক্রোচালক নিহত
চট্টগ্রামের আনোয়ারায় বাসচাপায় মো. সোহেল (৪০) নামের এক মাইক্রোবাসের চালক নিহত হয়েছেন। শুক্রবার রাতে কর্ণফুলী টানেল চত্বরে এ দুর্ঘটনা ঘটে। সোহেল বারশত ইউনিয়নের আবদুল মান্নানের ছেলে। সোহেল টানেলের আনোয়ারা প্রান্তের গোলচত্বর এলাকা থেকে গাড়িতে ওঠার জন্য রাস্তা পার হওয়ার সময় দুর্ঘটনায় পড়েন।

রাজবাড়ীতে পৃথক দুর্ঘটনায় নিহত ২
রাজবাড়ীর গোয়ালন্দ মোড় এলাকায় নছিমনের ধাক্কায় সাহিদা খাতুন (৭২) এবং সদরের আলীপুর এলাকায় নছিমন ও মোটরসাইকেলের সংঘর্ষে অনিক (২২) নামে দুজন নিহত হয়েছেন। শনিবার বিকেলে রাজবাড়ী-ফরিদপুর মহাসড়কে দুর্ঘটনা দুটি ঘটে।

তাড়াশে বাসচাপায় প্রাণ গেল স্বাস্থ্য সহকারীর 
সিরাজগঞ্জের তাড়াশে গতকাল হাটিকুমরুল-বনপাড়া সড়কের মান্নান নগর বাজার এলাকায় সড়ক পার হওয়ার সময় বাসচাপায় মো. মাসুদ রানা নামের এক স্বাস্থ্য সহকারী নিহত হয়েছেন। তিনি মাগুড়াবিনোদ ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহকারী পদে কর্মরত ছিলেন।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com