রাজধানী ঢাকার সড়কে ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক ঘটনা বেড়েই চলেছে। রয়েছে কিশোর গ্যাংয়ের লাগাতার উৎপাত। সড়ক অবরোধ করে রাজনৈতিক কর্মসূচি চালানোয় জনভোগান্তিও নিত্যদিনের সমস্যা। এতে প্রায় প্রতিদিনই যানজটে নাকাল হচ্ছে মহানগরবাসী।
রাজধানী ঢাকার সড়কে ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক ঘটনা বেড়েই চলেছে। রয়েছে কিশোর গ্যাংয়ের লাগাতার উৎপাত। সড়ক অবরোধ করে রাজনৈতিক কর্মসূচি চালানোয় জনভোগান্তিও নিত্যদিনের সমস্যা। এতে প্রায় প্রতিদিনই যানজটে নাকাল হচ্ছে মহানগরবাসী।
অপরাধ নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত : ডিএমপি সূত্র বলছে, সড়কে অপরাধ নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত কাজ করছে। এই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় মিরপুর বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিভিন্ন অপরাধে জড়িত ১৭ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। মাদক, মোবাইল ছিনতাই, চুরি, ইভ টিজিং এবং অবৈধভাবে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টির মতো অপরাধে ডিএমপি অধ্যাদেশের বিভিন্ন ধারায় এসব সাজা দেওয়া হয়। স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. বিলাল হোসাইন এই সংক্ষিপ্ত বিচার আদালত পরিচালনা করেন। তিনি বলেন, ঢাকা মহানগরীতে চুরি, ছিনতাই, মাদক, ইভ টিজিং এবং রাস্তায় অবৈধ দখলের মতো অপরাধ নিয়ন্ত্রণে ডিএমপি নিয়মিতভাবে তাৎক্ষণিক বিচার কার্যক্রম পরিচালনা করছে। এই সংক্ষিপ্ত বিচার পদ্ধতির মাধ্যমে ভুক্তভোগীরা দ্রুত ও স্বল্প সময়ের মধ্যে বিচারিক সেবা পাচ্ছে।
যানজট নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা : ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্র বলছে, যানজট নিয়ন্ত্রণে রাজধানীর গুরুত্বপূর্ণ ৭০টি মোড় বা ইন্টারসেকশনে নতুন করে পরিবর্তন এনেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। মোড়গুলোর আগে বা পরে চালু করা হয়েছে ইউ টার্ন। এই নতুন পরিকল্পনা গ্রহণ করায় সড়কে যান চলাচলে গতি বেড়েছে।
২০০৬ সালে ঢাকার রাস্তায় যানবাহনের গড় গতির উদ্ধৃতি দিয়ে ট্রাফিক পুলিশ বলছে, সে সময় ঘণ্টায় ২১ কিলোমিটার গতিতেও গাড়ি চলত। এখন মোড়গুলোতে পরিবর্তন আনায় গাড়ির গতি অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। চলতি বছর সেই গতি কমে ১০ কিলোমিটার হয়েছে।
একই সঙ্গে বিগত বছরের তুলনায় চলতি বছর যানজটও অনেকটা কমে এসেছে দাবি করে ট্রাফিক পুলিশ বলছে, এরই মধ্যে তারা সড়কে অনেক পরিবর্তন এনেছে। সংসদ ভবন সংলগ্ন আড়ং সিগন্যাল, গাবতলী থেকে সংসদ ভবনের সামনের সড়ক, ধানমণ্ডি থেকে গাবতলীগামী সড়কে যান চলাচল স্বাভাবিক থাকছে। আড়ং সিগন্যাল থেকে কিছুটা এগিয়ে ধানমণ্ডি ২৭ নম্বরের সিগন্যালেও আনা হয়েছে পরিবর্তন। এ ছাড়া রাজধানীর কারওয়ান বাজারে দুটি এবং শাহবাগে একটি রাস্তার মুখ বন্ধ করে নতুন করে চালু করা হয়েছে দুটি ইউ টার্ন। শাহবাগে বারডেম হাসপাতালের সামনের সিগন্যালটি বন্ধ করে ঢাকা ক্লাবের সামনে ইউ টার্ন দেওয়া হয়েছে। ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ও কাটাবনমুখী যানবাহনকে ঢাকা ক্লাবের ইউ টার্ন থেকে ঘুরে গন্তব্যে যেতে হচ্ছে। নিউমার্কেট থানা মোড় থেকে নিউমার্কেটগামী গাড়িগুলো এখন ইডেন কলেজের সামনের ইউ টার্ন থেকে ঘুরে আসায় সেখানে যানজট কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। এভাবে রাজধানীর ৭০টি মোড়ে পরিবর্তন আনা হয়েছে।