মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

নিউইয়র্কে বৈঠকে প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে

ঢাকা অফিস
  • আপডেট: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০ বার পড়া হয়েছে

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন হবে। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের লক্ষ্যে সরকার ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। সোমবার নিউইয়র্কে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত এবং ভারতের জন্য মনোনীত রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা সোমবার নিউইয়র্কে পৌঁছেন। এদিন বিকেল ৩টায় (স্থানীয় সময়) এমিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে প্রধান উপদেষ্টা ও তাঁর সফরসঙ্গীরা জন এফ কেনেডি বিমানবন্দরে অবতরণ করেন। সফরসঙ্গীদের মধ্যে বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি নেতারা রয়েছেন। সফরের দ্বিতীয় দিন মঙ্গলবার প্রধান উপদেষ্টা জাতিসংঘ সদরদপ্তরে সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দেন। খবর বাসসের।

বৈঠকে সার্জিও গোর প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা এবং যুক্তরাষ্ট্র বাংলাদেশের প্রতি সহায়তা অব্যাহত রাখবে বলে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। প্রধান উপদেষ্টা সার্জিও গোরকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগদান
মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

এই অধিবেশনে যোগ দেওয়ার আগে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রী মারিও লুবেটকিন, চিলির সাবেক প্রেসিডেন্ট মিশেল বাচেলেট এবং বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার। মিশেল বাচেলেট ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত জাতিসংঘ মানবাধিকার কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

‘বিশ্বব্যাপী সংঘাত শান্তি-উন্নয়নকে হুমকির মুখে ফেলছে’
প্রধান উপদেষ্টা বলেছেন, বিশ্বব্যাপী সংঘাতের দীর্ঘস্থায়ী ছায়া শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নকে ব্যাপক হুমকির মুখে ফেলছে। সোমবার নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ‘সোশ্যাল বিজনেস, ইয়ুথ অ্যান্ড টেকনোলজি’ শীর্ষক জাতিসংঘের উচ্চ পর্যায়ের এক সাইডলাইন বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপনকালে তিনি এ কথা বলেন। অধ্যাপক ইউনূস বলেন, আজকের পৃথিবী এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। জলবায়ু পরিবর্তনের দাবানল পৃথিবীকে জ্বালিয়ে দিচ্ছে; বৈষম্য বাড়ছে ও সংঘাত ছড়িয়ে পড়ছে। ন্যায়বিচার ও শান্তির জন্য সংগ্রাম আমাদের মানবিকতারই পরীক্ষা করছে। এই সংকটগুলো আলাদা নয়, পরস্পরের সঙ্গে জড়িত সুতার মতো একে অপরকে টেনে পুরো ব্যবস্থাকেই নাড়িয়ে দিচ্ছে। এটিকে মেরামত করার শক্তি অতীতে ছিল না, তা লুকিয়ে আছে আমাদের কল্পিত ভবিষ্যতে এবং আজ এখানে আমরা যে সিদ্ধান্ত নেব তার মধ্যেই।

প্রধান উপদেষ্টা বলেন, যুদ্ধ ও বাস্তুচ্যুতি বিশ্ব অর্থনীতিকে বিপর্যস্ত করছে, খাদ্য নিরাপত্তা হুমকির মুখে ফেলছে এবং অসংখ্য মানুষের জীবন ছিন্নভিন্ন করছে। এ পরিস্থিতিতে পুরোনো ব্যবস্থায় সমাধান যথেষ্ট নয়; প্রয়োজন নতুন কূটনীতি, গভীরতর আন্তর্জাতিক সহযোগিতা ও টেকসই উন্নয়নে সমষ্টিগত প্রতিশ্রুতি। বাংলাদেশসহ বহু দেশ কঠিন চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়েও স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রস্তুতি নিচ্ছে। বাংলাদেশের ক্ষেত্রে এর সঙ্গে রয়েছে ১৩ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া, জলবায়ু বিপর্যয়ের ঘন ঘন আঘাত সামলানো এবং বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা মোকাবিলা করা। এমন প্রেক্ষাপটে জাতিসংঘের বাজেট সংকোচন বা উন্নয়ন সহায়তা হ্রাস করা হবে বিপরীতমুখী পদক্ষেপ। আন্তর্জাতিক সহায়তা বাড়ানো, কারিগরি সহায়তা প্রদান এবং ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ন্যায়সংগত উত্তরণের নিশ্চয়তা দেওয়া জরুরি।

তিনি বলেন, বর্তমান সভ্যতা সীমাহীন ভোগ, শোষণ ও সঞ্চয়ের ধ্বংসাত্মক পথে হাঁটছে, যা মানবজাতির টিকে থাকার ভিত্তিকেই ঝুঁকির মুখে ফেলছে। এ জন্য প্রয়োজন নতুন সভ্যতা; যা লোভ নয়, বরং মানবিক ও পরিবেশগত চ্যালেঞ্জ সমাধানের অঙ্গীকারে পরিচালিত হবে। এ নতুন সভ্যতার স্থপতি হবে তরুণ প্রজন্ম। তাদের স্বপ্ন সীমাহীন। আমি প্রায়ই বলি, যেখানে স্বপ্ন নেতৃত্ব দেয়, সেখানেই উদ্ভাবন জন্ম নেয়। যদি আমরা কল্পনা করতে পারি, তবে তা সম্ভব। যদি না পারি, তবে কখনোই হবে না। তিনি তরুণদের জলবায়ু পরিবর্তন, বেকারত্ব, দারিদ্র্য ও বৈষম্য মোকাবিলায় সামাজিক ব্যবসায় নিজেদের সৃজনশীলতাকে কাজে লাগানোর আহ্বান জানান। তিনি বলেন, ‘তরুণদের নেতৃত্ব দিতে হবে আজই, কাল নয়। বড় স্বপ্ন দেখো, তবে তা বাস্তবায়নে সচেতন পদক্ষেপ নাও।’

বিশ্বকে বদলে দিতে তিনি তরুণদের প্রতি ‘থ্রি-জিরো ক্লাব’ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। অধ্যাপক ইউনূস বলেন, ‘আমি তিন শূন্যের এক পৃথিবীর কথা বলছি– শূন্য নিট কার্বন নিঃসরণ, শূন্য সম্পদ কেন্দ্রীকরণ (যাতে দারিদ্র্যের অবসান ঘটে) এবং শূন্য বেকারত্ব (যা সবার সৃজনশীলতা কাজে লাগিয়ে সম্ভব)।’ তিনি আরও বলেন, শূন্য বর্জ্য ধারণাটিও সমানভাবে গুরুত্বপূর্ণ এবং এটি জাতিসংঘ মহাসচিবের ‘জিরো ওয়েস্ট ইনিশিয়েটিভ’-এর অংশ। এটি কোনো কল্পনা নয়, ইতোমধ্যেই বাস্তবে রূপ নিচ্ছে।

প্রধান উপদেষ্টার সঙ্গে বেলজিয়ামের রানী ও সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
নিউইয়র্কে সোমবার জাতিসংঘ সদরদপ্তরে এক অনুষ্ঠানের ফাঁকে বেলজিয়ামের রানী ম্যাথিল্ড প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। একই অনুষ্ঠানের সময় ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনও অধ্যাপক ইউনূসের সঙ্গে বৈঠক করেন। এ ছাড়া আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘ সদরদপ্তরে সাক্ষাৎ করেন।

দিদারুল ইসলামের পরিবারের সাক্ষাৎ
বন্দুকধারীর হামলায় নিহত বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের পরিবারের সদস্যরা সোমবার রাতে নিউইয়র্কের একটি হোটেলে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। প্রধান উপদেষ্টা দিদারুলের মৃত্যুতে তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি দিদারুল ইসলামের প্রতি সম্মাননাস্বরূপ পরিবারের সদস্যদের হাতে একটি ক্রেস্ট তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন দিদারুলের বাবা মোহাম্মদ আবদুর রব, মা মিনারা বেগম, দুই ছেলে আয়হান ইসলাম ও আজহান ইসলাম।

গত ২৮ জুলাই নিউইয়র্কের ম্যানহাটানের পার্ক অ্যাভিনিউয়ে বন্দুকধারীর গুলিতে নিহত হন দিদারুল। তাঁর দেহে ৮ থেকে ১০টি বুলেটের চিহ্ন ছিল বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

সফরসঙ্গী ছয় রাজনৈতিক নেতা
প্রধান উপদেষ্টার সফরসঙ্গীদের মধ্যে ছয়জন রাজনৈতিক নেতা রয়েছেন। তারা হলেন– বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জামায়াত নেতা নকিবুর রহমান তারেক, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন ও যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা। এর মধ্যে নকিবুর রহমান তারেক যুক্তরাষ্ট্রে প্রতিনিধি দলে যোগ দিয়েছেন।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com