১৪তম ইন্দো-প্যাসিফিক আর্মি চিফস কনফারেন্স (আইপিএসিসি) ২০২৫’-এ যোগ দিতে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান চার দিনের সরকারি সফরে মালয়েশিয়া গেছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, গতকাল সোমবার তিনি মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
মার্কিন ইন্দো-প্যাসিফিক কমান্ড ও মালয়েশিয়ান ডিফেন্স ফোর্সের যৌথ আয়োজনে কুয়ালালামপুরে অনুষ্ঠেয় এ সম্মেলনে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের স্থলবাহিনীর সেনাপ্রধানরা উপস্থিত থেকে মৈত্রী ও সহযোগিতা জোরদার, অভিন্ন চ্যালেঞ্জগুলো মোকাবেলায় মতবিনিময় এবং আঞ্চলিক সংকটে সমন্বিত পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করবেন।
আইএসপিআর জানায়, সেনাবাহিনী প্রধানের এই সফরের মধ্য দিয়ে ইন্দো-প্যাসিফিক দেশগুলো এবং বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক আরো সুদৃঢ় হবে এবং পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা বৃদ্ধি পাবে বলে আশা করা যায়।সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী শনিবার দেশে ফিরবেন।








