ভারতের উত্তর–পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরের পরিস্থিতি ফের উত্তপ্ত হয়ে উঠেছে। মণিপুরের বিষ্ণুপুর জেলায় সশস্ত্র দুষ্কৃতকারীদের অতর্কিত হামলায় ৩৩ আসাম রাইফেলসের দুই সদস্য নিহত এবং চারজন আহত হয়েছেন। স্থানটি ইম্ফল বিমানবন্দর থেকে প্রায় আট কিলোমিটার দূরে অবস্থিত। সশস্ত্র দুষ্কৃতকারীরা অতর্কিতে গুলি চালালে এই হতাহতের ঘটনা ঘটে।
গণমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে অতিরিক্ত মহাপরিচালক আশুতোষ কুমার সিনহা বলেন, ‘সব নিরাপত্তা বাহিনীর শান্তি ও স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার প্রচেষ্টা সত্ত্বেও নিরাপত্তা বাহিনীর ওপর এই হামলা হয়েছে।’ এই মুহূর্তে পাঁচজন আসাম রাইফেলস সদস্য ইম্ফলের রিজিওনাল ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসে চিকিৎসাধীন।
তিনি আরো বলেন, ‘সম্ভবত পিএলএ (পিপলস লিবারেশন আর্মি) এই হামলা চালিয়েছে।’ তবে দ্য ওয়্যার এই দাবির সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত করতে পারেনি। কর্মকর্তা আরো জানান, তদন্ত চলছে।