গাজীপুরে মাটির ঘর ধসে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে নগরের কাশিমপুর থানার পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। নিহত তমিজউদ্দিন দেওয়ান (৭০) গাজীপুর মহানগরের কাশিমপুরের গোবিন্দবাড়ী এলাকার বাসিন্দা ছিলেন। তিনি ওই ঘরে একাই বাস করতেন।প্রতিবেশীরা ধারণা করছে, গত রবিবার দিবাগত রাতে ভারি বর্ষণের সময় জরাজীর্ণ ঘরের দেয়াল ধসে মাটিচাপায় তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। কাশিমপুর থানার ওসি মনিরুজ্জামান বলেন, মঙ্গলবার সকালে এক প্রতিবেশী বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় ঘরের দেয়ালের এক পাশ ধসে পড়া অবস্থায় দেখতে পান। ভেতরে ঢুকে দেখতে পান তমিজউদ্দিনের দেহ ধসে পড়া দেয়ালের মাটির নিচে চাপা পড়ে আছে। ঘরটি অনেক পুরনো ছিল।