মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

মবের শিকার পুলিশ ক্ষুব্ধ হতাশ

ঢাকা অফিস
  • আপডেট: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭ বার পড়া হয়েছে
রাজধানীর খিলগাঁও রেলগেট এলাকায় গত মঙ্গলবার ট্রাফিকের দায়িত্ব পালনকালে একটি প্রাইভেট কার থেকে কনস্টেবলকে অকথ্য ভাষায় গালাগাল করা হয়। কয়েক মিনিট পর ওই ব্যক্তিসহ আরো ছয়-সাতটি মোটরসাইকেলে ১০-১২ জন লোক ফিরে এসে দায়িত্বরত সেই পুলিশ সদস্যকে বেধড়ক মারধর করতে থাকে। এ সময় কাছাকাছি থাকা বিট কর্মকর্তা তাঁকে উদ্ধারে এগিয়ে গেলে তিনিও মারধরের শিকার হন। এর এক দিন আগে গত সোমবার রাতে মব নিয়ন্ত্রণ করতে গিয়ে রাজধানীর আদাবরের সুনিবিড় হাউজিং এলাকায় এক পুলিশ সদস্যকে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা।একই কায়দায় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ফের আক্রান্ত হচ্ছে পুলিশ। গণ-অভ্যুত্থানের পর এ ধরনের ঘটনা ঘটলেও পরবর্তী সময়ে পরিস্থিতি স্বাভাবিক হয়। কিন্তু নতুন করে পুলিশের ওপর আক্রমণ ভাবিয়ে তুলছে পুলিশ থেকে শুরু করে সাধারণ মানুষকেও। বিশেষজ্ঞরা বলছেন, আইনের ভেতর থেকে পুলিশকে কঠোর হতে হবে।

এভাবে একের পর এক আক্রান্ত  হলে পুলিশ আবারও নিষ্ক্রিয় হয়ে পড়ার আশঙ্কা দেখা দিচ্ছে। এ অবস্থার উত্তোরণের জন্য পুলিশকে কঠোর হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। আইজিপি বাহারুল আলম এই ইস্যুতে কালের কণ্ঠকে বলেন, ‘আমরা সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি। আইন-শৃঙ্খলা রক্ষায় সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা দরকার।’এক পুলিশ কর্মকর্তা কালের কণ্ঠকে জানান, পুলিশকে কয়েক ধরনের সমস্যা মোকাবেলা করতে হচ্ছে।
এক পুলিশ কর্মকর্তা কালের কণ্ঠকে বলেন, ‘সরকার ও পুলিশ ছাত্রদের প্রতি নমনীয়। আর এই নমনীয়তার সুযোগ নিয়ে তাদের অনেকে অবৈধ সুযোগ নেওয়ার চেষ্টা করছে। আন্দোলন করতে গিয়ে কাউকে মানছে না। ফলে পুলিশের জন্য উভয় সংকট দেখা দিয়েছে। ওই পুলিশ কর্মকর্তা কালের কণ্ঠকে বলেন, ‘পরিস্থিতি যদি এমনই চলতে থাকে তাহলে আগামী ফেব্রুয়ারির নির্বাচনে পুলিশ নিরাপত্তার দায়িত্ব পালন করতে পারবে কি না যথেষ্ট সন্দেহ রয়েছে।

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অপরাধ ও পুলিশ বিজ্ঞান বিভাগের সিনিয়র অধ্যাপক মুহাম্মদ উমর ফারুক কালের কণ্ঠকে বলেন, ‘পুলিশ মানসিক হীনমন্যতার মধ্যে আছে। তাদের মব কন্ট্রোলের কোনো প্রশিক্ষণ নেই। আত্মরক্ষার্থে পায়ে গুলি করা যায়, সেটাও করছে না তারা। এভাবে স্বাভাবিক রাষ্ট্র পরিচালনা করা কঠিন।’ তিনি আরো বলেন, ‘আইনের ভেতর থেকে পুলিশকে কঠোর হতে হবে। তাদের মনোবল ও আত্মবিশ্বাসে প্রশিক্ষণও লাগবে। জনগণ ও অপরাধীদের মনস্তত্ত্ব বোঝার প্রশিক্ষণও নেই পুলিশের। তাই তারা আত্মবিশ্বাস চাঙ্গা করতে পারছে না।’

সাবেক আইজিপি নুরুল হুদা কালের কণ্ঠকে বলেন, ‘পুলিশের কাজই হলো বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করা। কোথাও মবের সৃষ্টি হলে তা রোধ করা। কিন্তু পুলিশ যদি আক্রান্ত হতে থাকে তা হলে তো কাজ করতে পারবে না। এ রকমটা আসলে কেন হচ্ছে? তার সন্দেহের যথেষ্ট কারণ রয়েছে। কেউ কেউ হয়তো ভাবছেন, এ ধরনের পরিস্থিতি সৃষ্টি করলে সামনের নির্বাচনে বাধা সৃষ্টি করা যাবে। আমার মতে, পুলিশের কঠোর হওয়ার বিকল্প নেই। যেখানে যেমন আচরণ করা দরকার পুলিশকে তা করতে হবে। তা না হলে নিরাপত্তা শৃঙ্খলা রক্ষা করা কঠিন হবে।

কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বেশ কিছুদিন চুপচাপ থাকলেও নতুন করে তারা প্রকাশ্যে হওয়ার বিষয়ে জানান দিচ্ছে। রাজধানীর গুলিস্তান ও ধানমণ্ডিতে এরই মধ্যেই বড় বিক্ষোভ মিছিল করেছে তারা। এভাবে বিক্ষোভ মিছিল হতে থাকলে যেকোনো সময় এন্টি আওয়ামী শক্তির সঙ্গে বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা গোয়েন্দাদের। এ অবস্থায় দেশ আরো অস্থিতিশীল হয়ে পড়তে পারে বলে পুলিশ কর্মকর্তারা মনে করছেন।

ডিএমপির ডিসি (মিডিয়া ও পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, খিলগাঁওয়ের ঘটনায় ঘটনাস্থল থেকে আনোয়ার হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার  করা হয়েছে। এ সময় অন্যরা দ্রুত সটকে পড়ে। গ্রেপ্তারসহ আরো দুজন এবং অজ্ঞাতপরিচয় ১০-১২ জনের বিরুদ্ধে পুলিশের দায়িত্ব পালনে বাধা দেওয়া, আহত করা, প্রাণনাশের হুমকি প্রদানের অভিযোগে খিলগাঁও থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com