ফরিদপুরের বোয়ালমারীতে রেলওয়ের গাছ চুরি করে কাটতে গিয়ে গাছের নিচে চাপা পড়ে মাসুদ শেখ (৪২) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে বোয়ালমারী উপজেলার ঘোড়াখালী রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে ঘোষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইমরান হোসেন নবাব বলেন, ‘প্রকৃতপক্ষে শ্রমিকরা পেটের দায়ে কাজ করে।কিন্তু কারা তাদের দিয়ে এসব করাচ্ছে, তা খুঁজে বের করার জন্য প্রশাসনকে অনুরোধ করেছি।’বোয়ালমারী থানার ওসি মাহমুদুল হাসান বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট করা হয়েছে। প্রকৃত ঘটনা জানতে লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হবে।








