মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

শুল্ক-করের অভিজ্ঞরাই হবেন রাজস্বনীতির সচিব অধ্যাদেশ জারি

ঢাকা অফিস
  • আপডেট: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে
হঠাৎ করে জারি করা অধ্যাদেশ নিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা-কর্মচারীদের কলমবিরতি ও কর্মবিরতি, অধ্যাদেশ বাতিল ও এনবিআরের চেয়ারম্যানের পদত্যাগ দাবি, শাটডাউন কর্মসূচি, ৩৬ কর্মকর্তা সাময়িক বরখাস্ত, চারজনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো, ১৬ জনকে দুদকে তলব, প্রায় ৭০০ জনকে বদলি ইত্যাকার ঘটনাপ্রবাহ পেরিয়ে অবশেষে রাজস্ব খাত সংস্কারে সংশোধিত অধ্যাদেশ জারি করা হয়েছে।

গত সোমবার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় থেকে রাজস্বনীতি ও রাজস্ব ব্যবস্থাপনা (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ প্রকাশ করা হয়। সংশোধনীগুলোর মধ্যে অন্যতম হলো রাজস্বনীতি বিভাগে রাজস্ব খাতের অভিজ্ঞ ও যোগ্যতাসম্পন্ন কর্মকর্তাকে সচিব করা হবে। এর আগে গত ১২ মে জারি করা অধ্যাদেশটি থেকে মোট ১১টি সংশোধনী আনা হয়েছে।অধ্যাদেশ সংশোধনে গত ২৯ জুন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়। সেই কমিটির সুপারিশের ভিত্তিতে অধ্যাদেশটি সংশোধন করা হয়।

যেসব সংশোধন আনা হয়েছে : ২০২৫ সালের ২৪ নং অধ্যাদেশের ধারা ৪(৩) সংশোধন করা  হয়েছে। নতুন সংশোধনীতে বলা হয়েছে, সরকার সামস্টিক অর্থনীতি, বাণিজ্যনীতি, পরিকল্পনা, রাজস্বনীতি বা রাজস্ব ব্যবস্থাপনা কাজে অভিজ্ঞতাসম্পন্ন কোনো সরকারি কর্মকর্তাকে রাজস্বনীতি বিভাগের সচিব পদে নিয়োগ প্রদান করবে।যেখানে পুরনো অধ্যাদেশের ৪(৩) ধারায় উপযুক্ত যোগ্যতাসম্পন্ন যেকোনো সরকারি কর্মকর্তাকে রাজস্বনীতি বিভাগের সচিব বা সিনিয়র সচিব নিযুক্ত করার বিধান রাখা হয়েছিল।

অন্যদিকে ধারা ৪(৪) সংশোধন করে নতুন ধারায় বলা হয়েছে, রাজস্বনীতি বিভাগের আয়করনীতি, দ্বৈতকর পরিহার চুক্তি, আন্তর্জাতিক চুক্তি ও মতামত, শুল্কনীতি, মূল্য সংযোজন করনীতি, আন্তর্জাতিক বাণিজ্য, আগামসংক্রান্ত চুক্তি অনুবিভাগের বিভিন্ন পদ রাজস্ব আহরণসংক্রান্ত কাজে অভিজ্ঞতাসম্পন্ন কর্মকর্তাদের মধ্য থেকে পূরণযোগ্য হবে। আগের অধ্যাদেশে বলা হয়েছিল, আয়কর, কাস্টমস, ভ্যাট, অর্থনীতি, ব্যবসায় প্রশাসন, গবেষণা, পরিসংখ্যান, প্রশাসন, অডিট, আইনসংক্রান্ত কাজে অভিজ্ঞতাসম্পন্ন কর্মকর্তা থেকে পূরণযোগ্য হবে। যদিও রাজস্বনীতি বিভাগের মৌলিক পদগুলোয় বিসিএস কাস্টমস ও কর ক্যাডারের কথা সরাসরি বলা হয়নি।

উপধারা (৬) -এ বলা হয়েছে, রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ তফসিলে বর্ণিত আইনসমূহ বাস্তবায়ন সংশ্লিষ্ট মাঠ পর্যায়ের পদসমূহ রাজস্ব আহরণ সংক্রান্ত কাজে অভিজ্ঞতাসম্পন্ন কর্মকর্তা এবং রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের মাঠ পর্যায়ে কর্মরত কর্মচারীদের মধ্য থেকে পূরণযোগ্য হবে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com