মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

জ্ঞান ফিরেছে নূরের খোঁজ নিলেন ড. ইউনূস

ঢাকা অফিস
  • আপডেট: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৪ বার পড়া হয়েছে
গত শুক্রবার রাতে সংঘর্ষে আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালের আইসিইউতে থাকা অবস্থায় গতকাল শনিবার তাঁর জ্ঞান ফিরেছে। তাঁর চিকিৎসায় গঠন করা হয়েছে ছয় সদস্যের মেডিক্যাল বোর্ড। চিকিৎসকরা জানিয়েছেন, মাথার হাড়, নাক ও ডান পাশের চোয়ালের হাড় ভেঙে গেছে।মাথায় আঘাতের কারণে সামান্য রক্তক্ষরণ হয়েছে এবং এক চোখে মারাত্মক ক্ষতি হয়েছে। ঢামেকের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোস্তাক আহমেদ গতকাল সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি জানান, গত শুক্রবার রাত ১১টা ২০ মিনিটে নুরকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। ওই সময় তাঁর নাক থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল এবং গজ ব্যান্ডেজ দিয়ে রাখা হয়েছিল।দ্রুত তাঁকে আইসিইউতে নেওয়া হয়। তিনি বলেন, রাতে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়। সকালে মাথার সিটি স্ক্যানের রিপোর্টে দেখা গেছে, তাঁর মাথার হাড় ও চোয়ালের হাড় ভেঙে গেছে। নাকের হাড়ও ভেঙে গেছে।মাথার ভেতরে সামান্য রক্তক্ষরণ রয়েছে। চোখ-মুখ ফুলে গেছে এবং চোখের ভেতরে রক্ত জমেছে। তবে শরীরের অন্য কোথাও আঘাত পাওয়া যায়নি। চিকিৎসকরা জানিয়েছেন, নুরের অবস্থা স্থিতিশীল থাকলেও ৪৮ ঘণ্টা না যাওয়া পর্যন্ত তাঁকে শঙ্কামুক্ত বলা যাবে না।এদিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস গতকাল নুরের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন।

মেডিক্যাল বোর্ড গঠন : ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালকসহ ছয় সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করে চিকিৎসা দেওয়া হচ্ছে নুরকে। ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান গতকাল সকালে গণমাধ্যমকে বলেন, ‘নুরকে আহত অবস্থায় রাতে যখন আনা হয়, প্রথমে ক্যাজুয়ালটি বিভাগের চিকিৎসকরা তাঁকে দেখেন। পরে সেখান থেকে তাঁকে ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে (ওসেক) রাখা হয়। পরে রাতেই আইসিইউতে তাঁকে স্থানান্তর করা হয়। তাঁর নাকের হাড় ভেঙে গেছে, চোখের ওপরে আঘাত রয়েছে। মাথায় সামান্য রক্তক্ষরণ হয়েছে। নুরের অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে ৪৮ ঘণ্টা না যাওয়া পর্যন্ত শঙ্কামুক্ত বলা যাবে না। তাঁর মস্তিষ্কে যে রক্তক্ষরণ হয়েছে তা ওষুধে ভালো হয়ে যাবে বলে আশা করছি।’

তদন্ত দাবি তারেক রহমানের : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নুরের ওপর হামলা ও কাকরাইলে সংঘটিত সহিংসতার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন। এ ছাড়া এ ঘটনার আইনানুগ তদন্তের দাবি জানিয়েছেন। নুর আহত হওয়ার রাতে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এ প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, ‘দেশকে অবশ্যই বেআইনি মবের শাসন থেকে বেরিয়ে আসতে হবে, চলমান অস্থিরতার ঘেরাটোপমুক্ত করতে হবে। আমি নুরের দ্রুত আরোগ্য কামনা করছি। ঘটনার আইনানুগ তদন্তের জন্য সরকারের প্রতি আহবান জানাচ্ছি।’ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল গতকাল দুপুরে হাসপাতালে নুরকে দেখতে যায়। তাঁর সঙ্গে ছিলেন দলটির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম ও সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন।

প্রতিবাদে জামায়াতের সমাবেশ : নুর ও তাঁর দলীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে গতকাল রাজধানীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ শাখা। বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে সমাবেশ করে দলটি।

নিন্দা ও প্রতিবাদ ঢাবি সাদা দলের : ডাকসুর সাবেক ভিপি নুরের ওপর হামলা এবং কাকরাইলে সংঘটিত সহিংস ঘটনার নিন্দা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জাতীয়তাবাদী শিক্ষকদের সংগঠন সাদা দল। গতকাল সংগঠনের আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম, অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার স্বাক্ষরিত বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

গণঅধিকার পরিষদের বিক্ষোভ : নুর ও তাঁর দলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে গতকাল দুপুরে গণঅধিকার পরিষদ রাজধানীসহ সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করেছে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com