মুক্তিযুদ্ধের চেতনা রক্ষার অজুহাতে ‘মঞ্চ-৭১’ নামের সংগঠনের ব্যানারে সেমিনার আয়োজন এবং পন্ড করে দেয়ার পর লতিফ সিদ্দিকীকে কারাগারে নেয়ার ঘটনা আওয়ামী লীগের অলিগার্কদের জন্য নতুন বার্তা। দিল্লির এজে-া বাস্তবায়নে যে কোনো ব্যানারে আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠায় চেষ্টার পরিণতি কী হয় তা দেখা গেল।মুক্তিযোদ্ধাদের দোহাই দিয়ে আওয়ামী লীগের অনুসারীদের হাসিনাকে পুনঃপ্রতিষ্ঠার চেষ্টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির অনুষ্ঠানে ‘মঞ্চ-৭১’ গণফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ড. কামাল হোসেনকে প্রধান অতিথি করা হয়। ব্যানারে ড. কামাল হোসেন শব্দগুলো বড় বড় অক্ষরে লেখা হয়। কিন্তু ড. কামাল হোসেন ওই অনুষ্ঠানে যাননি। জানা যায়, প্রবীণ রাজনীতিক ড. কামাল হোসেনের ওই সময় জাতীয় প্রেসক্লাবে আরেকটি অনুষ্ঠান ছিল। লতিফ সিদ্দিকী গংদের পরিণতির পর গণফোরাম থেকে জানানো হয়, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারের ব্যানারে অনুমতি ছাড়া ‘মঞ্চ-৭১’ নামের একটি সংগঠন গণফোরামের প্রতিষ্ঠাতা ও ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেনের নাম ব্যবহার করেছে। এ ঘটনায় গণফোরাম তীব্র প্রতিবাদ জানিয়েছে। গণফোরামের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি সিনিয়র আইনজীবী সব্রত চৌধুরী ও সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমানের দেয়া বিবৃতিতে জানানো হয়, ‘মঞ্চ-৭১’ যে উদ্যোগ নিয়েছে তার সঙ্গে ড. কামাল হোসেন বা গণফোরামের কোনো সম্পৃক্ততা নেই। বিবৃতিতে বলা হয়, ড. কামাল হোসেনের নাম ব্যবহার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে, যা গ্রহণযোগ্য নয়।প্রসঙ্গত, গত বৃহস্পতিবার সকাল ১০টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে ‘মঞ্চ-৭১’ নামের একটি সংগঠন। সেই আলোচনায় অংশ নিতে উপস্থিত হন আওয়ামী লীগের বহিষ্কৃত সদস্য ও সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর শেখ হাফিজুর রহমান (কার্জন) সহ অন্যরা।