গুমের অভিযোগগুলোর তদন্ত ও প্রতিকার নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ওপর নজরদারি ও জবাবদিহির ওপর গুরুত্বারোপ করেছে জাতিসংঘের গুমবিষয়ক ওয়ার্কিং গ্রুপ। গত ১৫ থেকে ১৮ জুন বাংলাদেশ সফর করে তারা একটি প্রতিবেদন প্রকাশ করেছে। ওই প্রতিবেদনে নজরদারি ও জবাবদিহির ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে।উল্লেখ্য, গুমের অভিযোগ তদন্তে জাতিসংঘের গুমবিষয়ক ওয়ার্কিং গ্রুপ ২০১২ সাল থেকে বাংলাদেশ সফরের অনুমতি দেওয়ার অনুরোধ জানিয়ে আসছিল।কিন্তু বিগত আওয়ামী লীগ সরকার সেই অনুরোধে সাড়া দেয়নি। বর্তমান অন্তর্বর্তী সরকার জাতিসংঘের গুমবিষয়ক ওয়ার্কিং গ্রুপকে সফরে আসার অনুমতি দেয়। এরপর ওই ওয়ার্কিং গ্রুপ বাংলাদেশ সফরকালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এবং পররাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ করে। এ ছাড়া গুমের অভিযোগ তদন্তে অন্তর্বর্তী সরকার গঠিত কমিটি এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের সঙ্গেও জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপ বৈঠক করে।








