ভারতের বিহারের রাজগির শহরে শুক্রবার (২৯ আগস্ট) থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ হকি টুর্নামেন্ট ২০২৫। তবে তিনবারের চ্যাম্পিয়ন পাকিস্তান এবার থাকছে না নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে। এশিয়ান হকি ফেডারেশনের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য পাকিস্তানের জায়গায় এবার খেলবে বাংলাদেশ।হকি ইন্ডিয়ার (HI) সভাপতি দিলীপ কুমার তির্কি গত সপ্তাহে নিশ্চিত করেন, পাকিস্তান হকি ফেডারেশন (PHF) তাদের দলকে ভারতের মাটিতে পাঠানো নিরাপদ মনে করেনি। তবে তিনি দাবি করেন, আয়োজক হিসেবে ভারত কখনোই পাকিস্তানকে অংশ নিতে অস্বীকার করেনি; পাকিস্তান নিজেরাই সরে দাঁড়িয়েছে।পাকিস্তানি সংবাদমাধ্যম জানায়, আগস্টের শুরুতেই PHF তাদের সিদ্ধান্ত সম্পর্কে ভারত ও এশিয়ান হকি ফেডারেশনকে জানায়। গত সপ্তাহে যখন টুর্নামেন্টের সূচি ঘোষণা করা হয়, তখনই তাদের অনুপস্থিতি নিশ্চিত হয়।মাত্র তিন মাস আগেই দুই দেশের মধ্যে সীমান্ত সংঘাতে ৭০ জনের বেশি নিহত হন। এটি ছিল ১৯৯৯ সালের পর সবচেয়ে ভয়াবহ সংঘাত। এরপর থেকেই পাকিস্তানি দলকে ভারতীয় মাটিতে খেলতে পাঠানো নিয়ে উদ্বেগ দেখা দেয়।ক্রিকেটে দুই দেশকে একই গ্রুপে পড়লেও নিরপেক্ষ ভেন্যুতে খেলার চুক্তি হয়েছে। তবে হকির ক্ষেত্রে কোনো সমঝোতা হয়নি। ফলে পাকিস্তান এশিয়া কাপে অনুপস্থিত।১৯৮৯ সালে সর্বশেষ শিরোপা জেতা পাকিস্তান এবার এশিয়া কাপে না খেলায় FIH হকি বিশ্বকাপ ২০২৬ এর সরাসরি যোগ্যতা অর্জনের সুযোগ হারালো। শিরোপাজয়ী দল সরাসরি বিশ্বকাপে খেলবে, আর ২ থেকে ৬ নম্বর দল কোয়ালিফায়ারে সুযোগ পাবে। বর্তমানে ১৫তম স্থানে থাকা পাকিস্তানের জন্য এ সুযোগ হারানো বড় ধাক্কা।আয়োজক ভারত এবার শুধু ঘরে বসে শিরোপা জেতার সুযোগই পাচ্ছে না, বরং ২০২৬ সালের বেলজিয়াম-নেদারল্যান্ডসে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের টিকিটও কেটে নিতে পারবে। অন্যদিকে, শিরোপাধারী দক্ষিণ কোরিয়া ষষ্ঠবারের মতো এশিয়া কাপে সেরা হওয়ার লক্ষ্য নিয়েই নামবে। মালয়েশিয়া, জাপান, চীন, কাজাখস্তান ও চাইনিজ তাইপেও অংশ নিচ্ছে এবারের আসরে।স্বাধীনতার আগে ভারতীয় দলে দুই দেশের খেলোয়াড়ই ছিলেন, যারা একসঙ্গে ১৯২৮, ১৯৩২ ও ১৯৩৬ অলিম্পিকে সোনা জিতেছিলেন। এখন পর্যন্ত ভারত-পাকিস্তান মিলিয়ে ১১টি অলিম্পিক স্বর্ণ, ৫টি বিশ্ব শিরোপা ও ৩টি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে।
দুই দল সর্বশেষ মুখোমুখি হয়েছিল ২০২৪ সালের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে, যেখানে ভারত ২-১ ব্যবধানে জয় পায় এবং শিরোপাও ঘরে তোলে।