কবি, লেখক ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহার বলেছেন, ক্ষমতার বিকেন্দ্র্রীকরণ করতে হবে। ঢাকা থেকে যে শাসন, সেই শাসনব্যবস্থা ভাঙতে হবে। যে আইন জনগণের বিপক্ষে যায়, সেই আইন আমরা চাই না। গতকাল শুক্রবার কুড়িগ্রামের চিলমারী উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ফরহাদ মজহার বলেন, ‘গণ-অভ্যুত্থানের প্রধান চাওয়া ছিল—জনগণ আগের শাসন চায় না। এই এলাকায় জনগণ চায় এমন একটা প্রশাসন, যারা এই এলাকার মানুষের চাওয়া-পাওয়া ও সিদ্ধান্ত স্থানীয়ভাবে নেবে; সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা জনগণের হাতে থাকতে হবে। এটাই গণ-অভ্যুত্থানের মূলমন্ত্র। আমাদের জীবন আমরা স্থানীয়ভাবে যাপনের সিদ্ধান্তের অধিকার চেয়েছি।কিন্তু আমাদের সিদ্ধান্ত গ্রহণের অধিকার রাষ্ট্র দেয় না। রাষ্ট্র সিদ্ধান্ত গ্রহণ করে ঢাকায় বসে। আমার করের টাকায় রাষ্ট্র চলে, কিন্তু আমার কোনো উপকারে আসে না।’








