দেশের সব উপজেলায় সরকারি চিকিৎসাকেন্দ্রগুলোতে অবিলম্বে সাপের বিষের প্রতিষেধক—অ্যান্টিভেনম সরবরাহের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবং ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালকসহ বিবাদীদের এ নির্দেশ দেওয়া হয়েছে।গতকাল সোমবার এসংক্রান্ত এক রিটের প্রাথমিক শুনানির পর বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি জানিয়ে বিবাদীদের আগামী ২৮ অক্টোবর আদালতে প্রতিবেদন দিতে বলেছেন আদালত।গত ১০ জুলাই ‘পাঁচ মাসে সাপের কামড়ে ৩৮ জনের মৃত্যু’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে কালের কণ্ঠ। এরপর গত ১৭ জুলাই ‘সাপের কামড়ে মৃত্যু, স্বাস্থ্য খাতে এক নীরব সংকট’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে আরেকটি পত্রিকা। এই দুই প্রতিবেদনসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেন যুক্ত করে গত ১৭ আগস্ট হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মীর এ কে এম নূরুন্নবী। আদালতে রিটকারী নিজেই শুনানি করেন।রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ শফিকুর রহমান ও তানিম খান। পরে আইনজীবী মীর এ কে এম নূরুন্নবী সাংবাদিকদের বলেন, বর্ষাকালে গ্রামাঞ্চলে সাপের উপদ্রব বাড়ে। সাপের কামড়ে অনেক লোকের মৃত্যু হয়। গণমাধ্যমের খবরে এসেছে, দিনে অন্তত ২০ জনের মৃত্যু হয় সাপের কামড়ে।