দেশের অর্থনৈতিক বাস্তবতা ও বিচার ব্যবস্থার চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে একটি আলাদা বাণিজ্যিক আদালত ব্যবস্থা প্রতিষ্ঠার প্রস্তাব করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। গতকাল রবিবার দুপুরে সিলেট মহানগরের ‘দ্য গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্ট’ মিলনায়তনে ‘বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠা : খসড়া বাণিজ্যিক আদালত গঠন’ বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রস্তাব দেন। বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও ইউএনডিপির যৌথ উদ্যোগে এই সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে প্রধান বিচারপতি বলেন, বর্তমানে বাংলাদেশে বাণিজ্যিক বিরোধ নিষ্পত্তির কোনো পৃথক বিচারিক ফোরাম নেই।এখন কোটি কোটি টাকার বাণিজ্যিক বিরোধগুলোকে ছোটখাটো দেওয়ানি মামলার সঙ্গে একই সারিতে নিষ্পত্তি করতে হওয়ায় দ্রুত, কার্যকর বিচারপ্রক্রিয়া ব্যাহত হচ্ছে। তিনি বলেন, ‘এটি আমাদের বিচারকদের প্রতি কোনো সমালোচনা নয়, তাদের নিষ্ঠা প্রশ্নাতীত। বরং এটি একটি কাঠামোগত অসংগতি। ফলে মামলার জট যেমন বাড়ছে, তেমনি ব্যাবসায়িক সম্পর্ক ও বিনিয়োগ পরিবেশও ক্ষতিগ্রস্ত হচ্ছে।








