ছয়টি একাডেমিক রেকর্ড ভেঙে মাত্র ১৮ বছর বয়সে অক্সফোর্ডে পড়ার সুযোগ পেলেন পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ তরুণী মাহনূর চিমা। তিনি ২৪টি ‘এ লেভেল’ বিষয়ে সর্বোচ্চ ডিসটিংকশন পেয়ে ইতিহাস গড়েছেন। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ। এতে বলা হয়েছে, আগের জিসিএসই সাফল্যের সঙ্গে মিলিয়ে বর্তমানে তাঁর ছয়টি বৈশ্বিক একাডেমিক রেকর্ড রয়েছে, যা কিনা একজন মাধ্যমিক স্তরের একজন শিক্ষার্থীর জন্য সর্বোচ্চ।এই অর্জনের মাধ্যমে তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে মেডিসিন বিষয়ে পড়ার সুযোগ পেয়েছেন। মাহনূর এককভাবে সবচেয়ে বেশি ‘এ লেভেল’ বিষয় (২৪) এবং এক্সটেনডেড প্রজেক্ট কোয়ালিফিকেশন নিয়ে পাস করেছেন।তাঁর দ্বিতীয় ‘এ লেভেল’ রেকর্ড হলো তিনি সর্বোচ্চ সংখ্যক ‘এ’ স্টার ও ‘এ’ গ্রেড পেয়েছেন। এর মাধ্যমে তিনি ১৯টি শীর্ষ গ্রেড অর্জন করেছেন।