ডুলাহাজারা সাফারি পার্কের বন্যপ্রাণী চিকিৎসক (ভেটেরিনারি সার্জন) হাতেম সাজ্জাদ জুলকার নাইন কালের কণ্ঠকে জানান, আফ্রিকা থেকে কার্গো বিমানে ঢাকায় আনার পর সেখান থেকে গত বুধবার সকালে বাঘশাবক তিনটিকে ডুলাহাজারা সাফারি পার্কের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। একটানা ২১ দিন এখানে থাকবে শাবক তিনটি।চিকিৎসক জুলকার নাইন আরো জানান, নিবিড় পরিচর্যা কেন্দ্রে থাকার সময় পার হলে শাবক তিনটির শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে পার্ক কর্তৃপক্ষ বুঝে নেবে। এই সময়ের মধ্যে কোনো শাবক যদি অসুস্থ প্রমাণিত হয় তবে সেটি গ্রহণ করা হবে না।
বাঘশাবক তিনটির মধ্যে একটি পুরুষ, দুটি স্ত্রী। এদের বয়স বর্তমানে তিন বছর। একটি বাঘ প্রাপ্তবয়স্ক হতে সময় লাগে চার থেকে ছয় বছর। তবে এসব শাবক এরই মধ্যে মায়ের দুধ ছেড়ে মাংস খেতে শুরু করেছে।ডুলাহাজারা সাফারি পার্কের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক মনজুরুল আলম কালের কণ্ঠকে বলেন, ‘ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আফ্রিকা থেকে বাঘশাবক তিনটি সংগ্রহ করলেও এখনো পার্ক কর্তৃপক্ষ বুঝে নেয়নি। কারণ এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরের কারণে পরিবেশ-প্রতিবেশের সঙ্গে খাপ খেতে সময় লাগে। তাই নির্দিষ্ট সময় পর্যন্ত নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হবে। নিয়মানুযায়ী আমরা এসব শাবক বুঝে নেওয়ার পর নির্দিষ্ট বেষ্টনীতে রাখব।








