ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পাঁচ অধ্যাপককে সিনেট সদস্য হিসেবে মনোনয়ন দিয়েছে সরকার। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর আগামী তিন বছরের জন্য সিনেটে শিক্ষাবিদ সদস্য হিসেবে তাঁদের মনোনয়ন দেন। গত বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে এই তথ্য জানানো হয়।মনোনয়ন পাওয়া শিক্ষাবিদরা হলেন ঢাবির ইংরেজি বিভাগের অধ্যাপক (অব.) ড. সদরুল আমিন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান এবং সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সামিনা লুৎফা।শিক্ষা মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ঢাবি আদেশ, ১৯৭৩-এর আর্টিকল ২০(১)(ই) ও ২০(২) ধারা অনুযায়ী এই পাঁচজন শিক্ষাবিদকে সিনেট সদস্য হিসেবে তিন বছরের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে।