বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ ১৫ আগস্ট। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ বিএনপির উদ্যোগে ঢাকাসহ দেশব্যাপী দলীয় কার্যালয় এবং বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। তবে কেক কাটা বা অন্য কোনো আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা যাবে না।
১৯৪৫ সালে খালেদা জিয়া জন্মগ্রহণ করেন।বাবা ইস্কান্দার মজুমদার ও মা তৈয়বা মজুমদারের তৃতীয় সন্তান তিনি। পৈতৃক নিবাস ফেনীর ফুলগাজী হলেও তাঁর শৈশব-কৈশোর কেটেছে দিনাজপুরে বাবার কর্মস্থলে। ১৯৬০ সালে তৎকালীন সেনা কর্মকর্তা জিয়াউর রহমানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। ১৯৮১ সালের ৩০ মে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রাম সার্কিট হাউসে দেশি-বিদেশি চক্রান্তে বিপথগামী সেনাদের হাতে নির্মমভাবে শহীদ হন।এরপর দলের নেতাকর্মীদের দাবির মুখে জিয়াউর রহমানের গড়া দল বিএনপির হাল ধরেন খালেদা জিয়া। তিনি দলটির চেয়ারপারসন এবং দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। স্বৈরাচার এইচ এম এরশাদের পতনের পর ১৯৯১ সালে জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হন।জিয়াউর রহমান ও খালেদা জিয়া দম্পতির দুই সন্তান তারেক রহমান ও আরাফাত রহমান কোকো।তারেক রহমান বর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আরাফাত রহমান কোকো ২০১৫ সালে মৃত্যুবরণ করেন।








