প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন।ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত গতকাল বৃহস্পতিবার দুপুরে প্রধান বিচারপতির সরকারি বাসভবনে গিয়ে সাক্ষাৎ করেন বলে কালের কণ্ঠকে জানান সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম। পরে এক বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ‘সাক্ষাতে দ্বিপক্ষীয় বিচারিক সহযোগিতা, মানবাধিকার সংরক্ষণ এবং আইনের শাসন সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিচার বিভাগের উন্নয়নে গত এক বছরে নিজের নেওয়া বিভিন্ন পদক্ষেপ মার্কিন রাষ্ট্রদূতের কাছে তুলে ধরেন প্রধান বিচারপতি।বাংলাদেশে মানবাধিকার সংরক্ষণে বিচার বিভাগের ভূমিকা নিয়েও আলোচনা হয় দুজনের মধ্যে।’বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, প্রধান বিচারপতি হিসেবে এক বছর পূর্ণ হওয়ায় সৈয়দ রেফাত আহমেদকে অভিনন্দন জানান ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত। বিচার বিভাগ সংক্রান্ত বিভিন্ন পদক্ষেপের কারণে তিনি প্রধান বিচারপতির ভূয়সী প্রশংসাও করেন। সেই সঙ্গে প্রত্যাশা ব্যক্ত করেন, দেশে সুশাসন প্রতিষ্ঠা ও ন্যায়বিচার নিশ্চিত করতে প্রধান বিচারপতির বলিষ্ঠ নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।








