১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর নিজ জেলা গোপালগঞ্জসহ সারা দেশে নিরাপত্তাব্যবস্থা জোরদার করছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। দিনটি ঘিরে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ এবং তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কোনো ধরনের সভা-সমাবেশ করার প্রস্তুতি নিচ্ছে কি না তা গোয়েন্দারা নজরে রাখছেন।
অন্যদিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ মুজিবের সমাধিস্থলের জন্য থাকবে আলাদা নিরাপত্তাব্যবস্থা। সেখানে কাউকে রাজনৈতিক বক্তব্য ও সমাবেশ করার সুযোগ দেওয়া হবে না বলে জানা গেছে।সূত্র জানায়, একসময় টুঙ্গিপাড়ায় শেখ মুজিবের সমাধিস্থলে প্রতিদিন লোকজনের সমাগম থাকলেও গত বছর গণ-অভ্যুত্থানের পর তা কমে গেছে। বর্তমানে দলে দলে লোকজনকে সমাধিস্থলে জিয়ারত করতে দেখা যায় না বলে এক পুলিশ কর্মকর্তা জানান। তবে মাঝেমধ্যে দু-একজন জিয়ারত করতে আসেন। গোপালগঞ্জ ও গোপালগঞ্জের বাইরের লোকজনকেও আসতে দেখা যায়।








