তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি ও লেবার পার্টির নেতাদের সঙ্গে কথা বলেন। তবে বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি এবং করণীয় বিষয়ে আলোচনার কথা বলা হলেও বিস্তারিত কিছু জানাননি বৈঠকে অংশ নেওয়া কোনো নেতা। তবে একটি সূত্র জানিয়েছে, মতবিনিময়সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আসছে নির্বাচনে জনগণের রায়ে আমরা ৩১ দফার আলোকে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারব। গতকাল শুক্রবার সমমনা ১২ দলীয় জোটের নেতাদের সঙ্গে এক মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই মতবিনিময়সভা হয়। এতে যুক্তরাজ্যর রাজধানী লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন তারেক রহমান।








