সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

২৪ দফা ইশতেহার ঘোষণা

ঢাকা অফিস
  • আপডেট: সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে
এনসিপির সমাবেশ

জাতীয় নাগরিক পার্টির প্রথম অঙ্গীকার গণপরিষদের মাধ্যমে একটি নতুন সংবিধান। গতকাল রবিবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে দলটি আয়োজিত সমাবেশে নতুন বাংলাদেশের ইশতেহার পাঠে এ ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় তিনি দলটির পক্ষ হয়ে নতুন বাংলাদেশের ২৪ দফা ইশতিহার ঘোষণা করেন।

২৪ দফা ইশতিহারের মধ্যে রয়েছে—১. নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিক, ২. জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি ও বিচার, ৩. গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার, ৪. ন্যায়ভিত্তিক বিচারব্যবস্থা ও আইন সংস্কার, ৫. সেবামুখী প্রশাসন ও দুর্নীতি দমন, ৬. জনবান্ধব আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী, ৭. গ্রাম পার্লামেন্ট ও স্থানীয় সরকার, ৮. স্বাধীন গণমাধ্যম ও শক্তিশালী নাগরিক সমাজ, ৯. সর্বজনীন স্বাস্থ্য, ১০. জাতি গঠনে শিক্ষানীতি, ১১. গবেষণা, উদ্ভাবন ও তথ্য-প্রযুক্তি বিপ্লব; ১২. ধর্ম, সম্প্রদায় ও জাতিসত্তার মর্যাদা; ১৩. নারীর নিরাপত্তা, অধিকার ও ক্ষমতায়ন; ১৪. মানবকেন্দ্রিক ও কল্যাণমুখী অর্থনীতি, ১৫. তারুণ্য ও কর্মসংস্থান, ১৬. বহুমুখী বাণিজ্য ও শিল্পায়ননীতি, ১৭. টেকসই কৃষি ও খাদ্য সার্বভৌমত্ব, ১৮. শ্রমিক-কৃষকের অধিকার, ১৯. জাতীয় সম্পদ ব্যবস্থাপনা, ২০. নগরায়ণ, পরিবহন ও আবাসন পরিকল্পনা; ২১. জলবায়ু সহনশীলতা ও নদী-সমুদ্র রক্ষা, ২২. প্রবাসী বাংলাদেশির মর্যাদা ও অধিকার, ২৩. বাংলাদেশপন্থী পররাষ্ট্রনীতি এবং ২৪. জাতীয় প্রতিরক্ষা কৌশল।

ইশতেহার ঘোষণার আগে নাহিদ ইসলাম বলেন, ‘আজ (রবিবার) থেকে ঠিক এক বছর আগে এই শহীদ মিনারে দাঁড়িয়ে আমরা ফ্যাসিবাদী শাসনব্যবস্থার পতনের ডাক দিয়েছিলাম। কিন্তু এক ফ্যাসিবাদী শাসক হটিয়ে আরেক ফ্যাসিবাদী ব্যবস্থার উত্থানের সম্ভাবনাকে ডিজাইনে রেখে আমরা নিশ্চিন্তে ঘরে ফিরতে পারিনি। তাই ঠিক এক বছর পর আমরা আবার শহীদ মিনারে আপনাদের সামনে দাঁড়িয়ে, একটি নতুন বাংলাদেশের, আমাদের সেকেন্ড রিপাবলিকের ২৪ দফা ইশতিহার ঘোষণা করছি।’জুলাই ঘোষণাপত্রকে সাংবিধানিক স্বীকৃতি প্রদান করতে হবে দাবি করে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, ‘নতুন যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি, সেই বাংলাদেশে আমরা বিভাজনের রাজনীতি দেখতে চাই না। এই বাংলাদেশের মানুষ হিন্দু, বৌদ্ধ, মুসলমান, এই বাংলাদেশের মানুষ খ্রিস্টান, বিহারি, চাকমা, সাঁওতাল, আমরা কারো মধ্যে কোনো পার্থক্য করতে চাই না।’নতুন সংবিধানের দাবি তুলে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেন, ‘বাহাত্তরের সংবিধান একটা দলের ছিল। যে সংবিধান আরেকটি দেশ থেকে পাস হয়ে এসেছে। এই মুজিববাদী সংবিধান আর বাংলাদেশে থাকতে দিতে পারি না। আমরা আজ এই মঞ্চে মুজিববাদী সংবিধান ভেঙেচুরে শেষ করে দিয়ে নতুন সংবিধান চাইতে এসেছি। এই বাংলাদেশে সিভিল সোসাইটি নামে কোনো দালালকে আর মেনে নেব না।’এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, ‘আজ আমরা যুদ্ধের প্রস্তুতির ডাক নিয়ে এসেছি। শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি—সব জায়গায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ধ্বংসযজ্ঞ চালিয়েছে। আমাদের সামনে আর কোনো পথ নেই, এই রাষ্ট্র ও রাজনীতির কাঠামো পাল্টাতে হবে।’এনসিপি মানুষের সমস্যা সমাধানে রাজনীতি করবে জানিয়ে দলের সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা বলেন, ‘আমরা গত মাসে জুলাই পদযাত্রায় গিয়েছিলাম, সেখানে আপনারা আপনাদের স্বপ্নের ও সমস্যার কথা বলেছিলেন। আমাদের রাজনীতি আপনাদের সমস্যা সমাধানের রাজনীতি।’এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বলেন, ‘আমরা আজ যে স্থানে আছি এটা সেই স্থান, যেখানে ফ্যাসিস্ট হাসিনার পতনের ঘোষণা হয়েছিল। এটা সেই স্থান, যেখান থেকে কথা দেওয়া হয়েছিল ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ করে নতুন বন্দোবস্ত তৈরি হবে। যেখানে থাকবে সামাজিক ন্যায়বিচার ও মানবিক অধিকার। আমাদের স্বপ্নের সাথি হয়েছিল বাংলাদেশের সব মানুষ।’এর আগে দুপুর থেকেই বাসযোগে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপির বিপুলসংখ্যক নেতাকর্মীরা আসতে থাকেন। বিকেল পৌনে ৫টার দিকে আনুষ্ঠানিক সমাবেশ শুরু করে দলটি।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com