ঢাকা-সিলেট রেলপথের মৌলভীবাজারের লাউয়াছড়ায় কালনী এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে হাওয়া বেগম (৪০) নামের এক নারী মারা গেছেন। গতকাল শনিবার সকাল ৮টায় কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকার বনের ভেতরে এই ঘটনা ঘটে।জানা যায়, হাওয়া বেগমের একটি হাত নেই। ট্রেনের ভেতরে ভিক্ষা করেই জীবন চালান।সকালে কালনী এক্সপ্রেস ট্রেনটি লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় পৌঁছলে ভিক্ষারত হাওয়া বেগম চলন্ত ট্রেন থেকে পড়ে যান এবং ট্রেনের চাকায় তাঁর দুটি পা কেটে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপেক্সে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। শ্রীমঙ্গল রেলওয়ে থানার ওসি খাইরুল ইসলাম তালুকদার বলেন, মারা যাওয়া নারীর বাড়ি ফরিদপুর জেলায়।