ময়মনসিংহের ভালুকায় নৌকা থেকে পড়ে পানিতে ডুবে নাবিল (১৫) নামের এক কিশোর মারা গেছে। সে উপজেলার কাইচান পাঠকপাড়ার সৌদি আরবপ্রবাসী উসমান মিয়ার ছেলে এবং স্থানীয় আশরাফুল উলুম রহমানিয়া কওমি মাদরাসার ছাত্র। গতকাল শুক্রবার সকাল ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। থানা সূত্রে জানা যায়, নাবিল ঘটনার সময় অন্যান্য শিক্ষার্থীর সঙ্গে মাদরাসার পাশের একটি মাছের খামারে নৌকা চালাতে যায়।এক পর্যায়ে সে নৌকা থেকে পানিতে পড়ে ডুবে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।








