আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকক্ষ থেকে সরাসরি সম্প্রচার এবং গোপন কক্ষের ছবি তোলায় নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)।গতকাল বুধবার নির্বাচন কমিশন গণমাধ্যম নীতিমালা জারি করে। এই নীতিমালায় এমন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।নির্বাচন কমিশনের জারি করা গণমাধ্যম নীতিমালায় বলা হয়েছে, নির্বাচনের এক সপ্তাহ আগে আবেদনের মাধ্যমে সংশ্লিষ্ট সাংবাদিকদের পাস কার্ড, গাড়ি ও মোটরসাইকেলের স্টিকার দেবেন ইসি সচিবালয় ও রিটার্নিং অফিসাররা।দেশের অনুমোদিত প্রিন্ট, টেলিভিশন, অনলাইন নিউজ পোর্টাল, আইপিটিভি, ফ্রিল্যান্স সাংবাদিক, আন্তর্জাতিক সংস্থা এবং বিদেশি সাংবাদিকরা কার্ড ও গাড়ির স্টিকার পাবেন।নীতিমালায় আরো বলা হয়, কার্ডধারী সাংবাদিক সরাসরি ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন। এরপর প্রিজাইডিং অফিসারকে অবহিত করে তথ্য, ছবি ও ভিডিও নেবেন। তবে গোপন কক্ষের ছবি তোলা যাবে না।একসঙ্গে দুটির বেশি সংবাদমাধ্যমের কর্মী ভোটকক্ষে প্রবেশ করতে পারবেন না। ভোটকক্ষে ১০ মিনিটের বেশি থাকতে পারবেন না। ভোটকক্ষে নেওয়া যাবে না সাক্ষাৎকার। ভোটকক্ষের ভেতর থেকে সরাসরি সম্প্রচারও করা যাবে না।সরাসরি সম্প্রচার করতে হলে ভোটকক্ষ থেকে নিরাপদ দূরত্বে করতে হবে। ভোট গণনার সময় থাকতে পারবেন তাঁরা, সে সময় ছবি তোলা যাবে। কিন্তু সরাসরি সম্প্রচার নয়। ভোটকক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও সরাসরি সম্প্রচার করা যাবে না।








