কুষ্টিয়া থেকে মাইক্রোবাসে চড়ে সিরাজগঞ্জে অসুস্থ আত্মীয়কে দেখতে যাচ্ছিলেন তাঁরা। পথিমধ্যে নাটোরে ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে চালকসহ আটজন মারা যান। এঁদের মধ্যে সাতজন একই পরিবারের সদস্য।গতকাল বুধবার সকালে বড়াইগ্রাম উপজেলার আইড়মারি তরমুজ পাম্প এলাকায় এই দুর্ঘটনা ঘটে।এ ছাড়া লক্ষ্মীপুর, চট্টগ্রাম ও ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় আরো তিনজন নিহত হয়েছেন। কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর :নাটোরে বড়াইগ্রামে ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত সবার বাড়িই কুষ্টিয়ায়, এঁদের মধ্যে সাতজন একই পরিবারের। নিহতদের নিকটাত্মীয় সাংবাদিক খোকন জানান, তাঁদের পরিবারের নিহত সাতজন হলেন জাহিদুল ইসলাম (৫৫), তাঁর স্ত্রী সেলিনা খাতুন (৫০), শাশুড়ি আনজুমান (৭৫), ছোট বোন রওশন আরা আক্তার ইতি (৪৮), বোন আনোয়ারা খাতুন (৫৫), চাচাতো ভাবি আনোয়ারা খাতুন আনু (৫০) এবং শ্যালিকা সীমা (৩৫)।এ ছাড়া নিহত হয়েছেন মাইক্রোবাসের চালক শাহাবুদ্দিন (৪২)। তিনি একই গ্রামের জয়নাল আবেদিনের ছেলে। এ সময় আহত হয়েছেন আরো দুজন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।বনপাড়া হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।এক প্রত্যক্ষদর্শী জানায়, ঢাকা থেকে রাজশাহীগামী সিমেন্টবোঝাই একটি ট্রাক এখানে পৌঁছলে কুষ্টিয়া থেকে সিরাজগঞ্জগামী মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের ভেতরে চাপা পড়ে চালকসহ পাঁচজন নিহত হন।
লক্ষ্মীপুর : পিকআপ ভ্যানের চাপায় অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। তাঁর নাম রাকিব হোসেন (২৮)।গতকাল দুপুরে সরকারি মহিলা কলেজের নতুন ক্যাম্পাসের পাশে লক্ষ্মীপুর-মজু চৌধুরীর হাট সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত রাকিব লক্ষ্মীপুর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের অদু মিয়ার ছেলে। লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি আব্দুল মোন্নাফ বলেন, পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছেন।
মিরসরাই (চট্টগ্রাম) : দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেকটি ট্রাকের ধাক্কায় জামাল উদ্দিন (৩৪) নামের এক চালক নিহত হয়েছেন। গতকাল সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চলমান সিএনজি ফিলিং স্টেশনের সামনে চট্টগ্রামমুখী লেনে এই দুর্ঘটনা ঘটে। নিহত জামাল উদ্দিন ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার সিকদারবিল গ্রামের মো. আইয়ুবের ছেলে।জোরারগঞ্জ হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, ভোরে প্রচুর বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল ছিল। মহাসড়কের ঢাকামুখী লেনে মালবাহী একটি ট্রাকের পেছনে সিমেন্টবাহী একটি ট্রাকের ধাক্কা লাগে। এ সময় ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে ট্রাকে আটকা পড়েন চালক জামাল উদ্দিন। ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ (ঝিনাইদহ) : মোটরসাইকেল দুর্ঘটনায় গতকাল সকালে রুহুল আমিন (৪০) নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। নিহত রুহুল আমিন কোটচাঁদপুর উপজেলার শিশারকুণ্ডু গ্রামের হামিদুল ইসলামের ছেলে।কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম জানান, সকাল ৯টার দিকে নির্মাণ শ্রমিক রুহুল আমিন মোটরসাইকেলযোগে কালীগঞ্জের দিকে আসছিলেন। পথিমধ্যে ঈশ্বরবা-কাশিপুরের মাঝামাঝি মাঠের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন গাড়িতে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলেই রুহুল মারা যান।