নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশাচাপায় পৃথক স্থানে মো. ইয়াসিন (৭) ও শাহাদাত হোসেন তামিম (৮) নামে দুই শিশু নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার চরএলাহী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সুইচ এলাকা ও চরফকিরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চুকানী বাড়ির সামনের সড়কে দুর্ঘটনাগুলো ঘটে। নিহত তামিম উপজেলার চরএলাহী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাহাব উদ্দিনের ছেলে এবং ইয়াসিন চরফকিরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মো. ওয়াসিমের ছেলে। তামিম স্থানীয় চরএলাহী গফুরিয়া মডেল মাদরাসার দ্বিতীয় শ্রেণির ও ইয়াসিন চরফকিরা মদিনাতুল উলুম মাদরাসার প্রথম শ্রেণির ছাত্র ছিল।পুলিশ ও স্থানীয়রা জানায়, তামিম মঙ্গলবার সকালে বাড়ির সামনের রাস্তা পার হওয়ার সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে চাপা দেয়। গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। অন্যদিকে ইয়াসিন সকালে মাদরাসায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। মাদরাসার কাছাকাছি পৌঁছলে রাস্তা পারাপারের সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে চাপা দিলে গুরুতর আহত হয়।তাক্ষণিক স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। কোম্পানীগঞ্জ থানার ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শিশু নিহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।