রাজস্ব খাতে ৩৪ ধরনের পদে ১৮৫ জন নিয়োগ দেবে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ ক্ষুদ্র্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)। সবচেয়ে বেশিসংখ্যক জনবল নেওয়া হবে অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে, ৭২ জন। অনলাইনে আবেদন করা যাবে ৬ আগস্ট ২০২৫ পর্যন্ত। নিয়োগ পরীক্ষার ধরন ও প্রস্তুতি নিয়ে লিখেছেন সাজিদ মাহমুদ
নিয়োগ পরীক্ষা কিভাবে
রচনামূলক (লিখিত), মৌখিক এবং ব্যাবহারিক (কিছু পদে) পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। বিসিকের বিগত নিয়োগ পরীক্ষা বিশ্লেষণ করে দেখা গেছে, প্রায় সব পদেই এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হয়েছে। গ্রেডভিত্তিক পদ অনুসারে পরীক্ষার প্রশ্নপত্র ও নম্বর বণ্টনে ভিন্নতা দেখা গেছে। নবম ও দশম গ্রেডের পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষা হতে পারে ৮০ নম্বরে (রচনামূলকে ১০ ও এমসিকিউতে ৭০)।
নবম ও দশম গ্রেডের পদে লিখিত পরীক্ষার প্রশ্ন করা হয় নবম থেকে দ্বাদশ শ্রেণির বাংলা, ইংরেজি ও গণিত পাঠ্যবই থেকে। সাধারণ জ্ঞানে প্রশ্ন আসে সাম্প্রতিক গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর। এ ছাড়া আইসিটি, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি থেকেও প্রশ্ন করা হয়। ১১তম থেকে ১৬তম গ্রেডের পদগুলোতে অষ্টম থেকে দশম শ্রেণির বাংলা ব্যাকরণ, সাহিত্য, গদ্য ও পদ্য অংশ, ইংরেজি গ্রামারের গুরুত্বপূর্ণ অধ্যায় এবং পাটিগণিত থেকে প্রশ্ন করা হতে পারে। সাধারণ জ্ঞানের জন্য নিয়মিত পত্রিকা পড়ার পাশাপাশি দৈনন্দিন বিজ্ঞান, বাংলাদেশ প্রসঙ্গ, জাতীয় ও আন্তর্জাতিক বিষয়গুলোতে ভালো দখল থাকতে হবে।
সহায়ক বই বা অনলাইনে বিসিকের বিগত নিয়োগ পরীক্ষার পদভিত্তিক প্রশ্নপত্র অনুশীলন করতে পারেন। এসব প্রশ্নপত্র দেখলে পরীক্ষার ব্যাপারে সার্বিক ধারণা পাবেন।
কোন পদে কতজন
নবম গ্রেডের প্রশিক্ষণ কর্মকর্তা ১ জন, এনালিস্ট ১, প্রটোকল অফিসার ১, মান নিয়ন্ত্রণ কর্মকর্তা ১, পরিকল্পনা কর্মকর্তা ২, প্রশাসনিক কর্মকর্তা ২, কর্মী ব্যবস্থাপনা কর্তকর্তা ১, গবেষণা কর্মকর্তা ১, জরিপ ও তথ্য কর্মকর্তা ৩, প্রমোশন কর্মকর্তা ২৩, সহকারী অনুষদ সদস্য ২, রসায়নবিদ ১, হিসাবরক্ষণ কর্মকর্তা (স্থায়ী) ১১, অডিট অফিসার ১, হিসাবরক্ষণ কর্মকর্তা (অস্থায়ী) ১, ঊর্ধ্বতন নকশাবিদ ১ এবং সহকারী প্রকৌশলী ১ জন। যোগ্যতা পদভেদে স্নাতক থেকে স্নাতকোত্তর। দশম গ্রেডে ড্রাফটসম্যান ১, টেকনিক্যাল অফিসার ১৭ ও কারিগরি কর্মকর্তা ২ জন। যোগ্যতা ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা পাস। ১১তম থেকে ১৬তম গ্রেডের সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা ২, নকশাবিদ ২, কম্পিউটার অপারেটর ১, হিসাব সহকারী ১, উচ্চমান সহকারী ৭, মান নিয়ন্ত্রণ সহকারী ২, ইলেকট্রিশিয়ান ১, টেকনিশিয়ান-৫, অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (স্থায়ী) ৭২, (অস্থায়ী) ১, রিসেপশনিস্ট ১, নকশা সহকারী ৩ এবং ড্রাইভার ১৩ জন। পদভেদে যোগ্যতা স্নাতক থেকে অষ্টম শ্রেণি পাস। প্রার্থীর বয়সসীমা ১ জুলাই ২০২৫ তারিখ অনুযায়ী হতে হবে ১৮ থেকে ৩২ বছর। নবম ও দশম গ্রেডের প্রার্থীরা যেকোনো একটি পদে আবেদন করতে পারবেন। অন্য সব পদের প্রার্থীরা যোগ্যতা অনুযায়ী একাধিক পদে আবেদন করতে পারবেন।
বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা
উল্লিখিত পদগুলো জাতীয় বেতন স্কেল ২০১৫-এর নবম থেকে ১৬তম গ্রেডভুক্ত। নিয়োগপ্রাপ্তরা বেতন স্কেল অনুযায়ী মাসিক বেতন ও অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা পাবেন।
আবেদন লিংক
http://bscic.teletalk.com.bd