প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে স্থগিত হওয়া যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ১৬ অক্টোবর অনুষ্ঠিত হবে। ওই দিন বিকেল ৩টায় পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার আনুষঙ্গিক তথ্য পরীক্ষার্থীদের দ্রুত মুঠোফোনে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
শনিবার সকাল ১১টায় ১১তম গ্রেডের ২৪২টি পদের বিপরীতে প্রায় ৩ লাখ ১৯ হাজার প্রার্থীর এ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। রাজধানীর ৯৫টি কেন্দ্রে পরীক্ষার আয়োজন করা হয়েছিল। তবে পরীক্ষার আগের রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ছড়িয়ে পড়ায় পরীক্ষা শুরুর আগমুহূর্তে তা স্থগিত করা হয়।
যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশাসন উইংয়ের পরিচালক ডি এম আতিকুর রহমান জানান, ফেসবুকে প্রশ্নপত্র ফাঁসসংক্রান্ত একটি পোস্ট দেখার পর পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে, পরীক্ষা স্থগিতের প্রতিবাদে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন চাকরিপ্রার্থীরা। তাঁদের অভিযোগ, দেশের বিভিন্ন স্থান থেকে ঢাকায় এসে শেষ মুহূর্তে পরীক্ষা স্থগিত হওয়ায় তাঁরা আর্থিক ও মানসিক ক্ষতির মুখে পড়েছেন।
প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের শাস্তি, ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের ক্ষতিপূরণসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দাবি পূরণ না হলে অধিদপ্তরের মহাপরিচালকের পদত্যাগের দাবিতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা।









