বিয়ের আনন্দ কাটতে না কাটতেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন লক্ষ্মীপুরের রামগঞ্জের ইকন নামে এক যুবক। বিয়ের মাত্র তিন দিনের মাথায় মঙ্গলবার সন্ধ্যায় জিপ গাড়ির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে তিনি নিহত হন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুই ব্যক্তি আহত হয়েছেন।
রামগঞ্জ উপজেলার আলিপুর বাজারসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে জানা গেছে।
নিহত ইকন রামগঞ্জ পৌরসভার জগতপুর গ্রামের যোগীবাড়ি এলাকার বাসিন্দা। তিনি রামগঞ্জের আরএসএল নেটওয়ার্কে সিনিয়র টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় ইকনসহ তিনজন মোটরসাইকেলে করে যাওয়ার সময় আলিপুর বাজারের কাছে একটি জিপ গাড়ির সঙ্গে তাঁদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে রামগঞ্জে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ইকনের মৃত্যু হয়। আহত অপর দুজনকে পরে ঢাকায় পাঠানো হয়।
ইকনের চাচাতো ভাই রুবেল বলেন, মাত্র তিন দিন আগে বিয়ে করেছিলেন ইকন। নতুন জীবনের স্বপ্ন নিয়ে পরিবারে যখন আনন্দের সময় কাটছিল, তখনই সড়ক দুর্ঘটনায় সবকিছু থমকে যায়। নববধূকে রেখে তাঁকে চলে যেতে হলো।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত করা হচ্ছে।