রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দুর্নীতিবাজরা যত প্রভাবশালীই হোক না কেন নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের আইনের আওতায় আনতে হবে। প্রভাব-প্রতিপত্তি বিবেচনা না করে দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) কঠোর ব্যবস্থা নিতে হবে। বৃহস্পতিবার বঙ্গভবনে দুদক চেয়ারম্যান বিচারপতি একেএম আসাদুজ্জামানের নেতৃত্বে প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।
রাষ্ট্রপতি আরও বলেন, দীর্ঘদিনের অপশাসন ও অনিয়ম এবং জবাবদিহির অভাবে দুর্নীতি বর্তমানে দেশের অন্যতম প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে। দুর্নীতি দমন ও নিয়ন্ত্রণের ওপর নির্ভর করছে জাতির অগ্রগতি ও উজ্জ্বল ভবিষ্যৎ। গুরুতর দুর্নীতির ব্যাপারে দ্রুত অনুসন্ধান ও কঠোর ব্যবস্থা নেওয়ার কথা তিনি বিশেষভাবে উল্লেখ করেন। দুর্নীতিবিরোধী মূল্যবোধ গড়ে তুলতে জনসচেতনতা ও প্রচারণামূলক কার্যক্রম জোরদারের ওপর তিনি গুরুত্বারোপ করেন। কমিশনকে সাংবিধানিক ও আইনগত দায়িত্ব কার্যকরভাবে পালনে তিনি সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
সাক্ষাৎকালে দুদক চেয়ারম্যান বিচারপতি আসাদুজ্জামান কমিশনের সার্বিক কার্যক্রম, চলমান বিভিন্ন উদ্যোগ এবং দায়িত্ব পালনের ক্ষেত্রে বিদ্যমান সমস্যা ও চ্যালেঞ্জ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। পাশাপাশি দুদকের কার্যক্রম আরও কার্যকর করতে তিনি রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন। প্রতিনিধিদলে ছিলেন কমিশনার (তদন্ত) ড. জাহাঙ্গীর আলম খান, কমিশনার (অনুসন্ধান) ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া, সচিব মো. সাইদুর রহমান খান প্রমুখ।