গতকাল সকাল ৯টা ১৭ মিনিটে তারেক রহমান শেরেবাংলানগরে সমাধিস্থলে আসেন এবং দলের স্থায়ী কমিটির সদস্যসহ কেন্দ্রীয় নেতাদের নিয়ে পুষ্পমাল্য অর্পণ করেন। ফাতেহা পাঠ করে দলটির প্রয়াত প্রতিষ্ঠাতা এবং প্রয়াত চেয়ারপারসনের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাতে অংশ নেন তাঁরা। শ্রদ্ধা নিবেদনের সময় দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, সালাহ উদ্দিন আহমদ, সেলিমা রহমান, এ জেড এম জাহিদ হোসেন, রুহুল কবীর রিজভী, আমানউল্লাহ আমান, ফরহাদ হালিম ও ইসমাইল জবিউল্লাহ উপস্থিত ছিলেন।
আরো ছিলেন ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি, চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মাসুদ আহমেদ তালুকদার, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব-উন-নবী খান সোহেল, শহীদউদ্দীন চৌধুরী
এ্যানি, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, আবদুস সালাম আজাদ, কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত, প্রচার সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু, মহানগর উত্তরের সভাপতি আমিনুল হক প্রমুখ।
দলের চেয়ারম্যানের শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনী তুলে নেওয়ার পর দলীয় নেতাকর্মী ও সমর্থকদের ঢল নামে। নেতাকর্মীরা মিছিল নিয়ে ‘শুভ শুভ শুভ দিন, বিএনপির জন্মদিন’, ‘এক জিয়া লোকান্তরে লক্ষ জিয়া ঘরে ঘরে’ প্রভৃতি স্লোগানে মুখর ছিল শেরেবাংলানগর সমাধি প্রাঙ্গণ। ঢাকা মহানগর বিএনপি উত্তর-দক্ষিণ, যুব দল, স্বেচ্ছাসেবক দল, মুক্তিযোদ্ধা দল, কৃষক দল, মহিলা দল, তাঁতি দল, মৎস্যজীবী দল, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ—ড্যাব, এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ—এ্যাব, ছাত্রদল, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা—জাসাসসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নেতাকর্মীরা প্রয়াত নেতার কবরে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান। এর আগে মঙ্গলবার ভোরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয় এবং গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়।
বিএনপি কেন্দ্রীয়ভাবে পাঁচ দিনের কর্মসূচি পালন করছে। সারা দেশে বৃক্ষরোপণ ও মৎস্য অবমুক্তকরণ ছাড়াও রয়েছে রাজধানীতে কেন্দ্রীয় আলোচনাসভা আগামী ৫ সেপ্টেম্বর। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তারেক রহমান ও দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী পৃথক পৃথক বিবৃতিতে দলের নেতাকর্মীদের অভিনন্দন জানিয়েছেন। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বিএনপি গঠিত হয়, যার প্রথম চেয়ারম্যান ছিলেন জিয়াউর রহমান।
বিএনপি এমন একসময়ে তাদের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে, যখন দুই দশক পর আবার রাষ্ট্র পরিচালনা করছে দলটি আর প্রথমবারের মতো প্রধানমন্ত্রী পদে আছেন তারেক রহমান।