জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৪ খ্রিষ্টাব্দের অনার্স ফাইনাল ইয়ার (চতুর্থ বর্ষ) পরীক্ষার ফল মাত্র ৪৭ কর্মদিবসে প্রকাশ করা হয়েছে। পরীক্ষা শেষ হওয়ার পর এত কম সময়ে ফল প্রকাশের মধ্য দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ব্যবস্থাপনায় নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। এর আগে গত বছর অনার্স ফাইনাল ইয়ার পরীক্ষার ফল প্রকাশে সময় লেগেছিল ৮৯ দিন।
সোমবার (৩১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর থেকে এ ফল প্রকাশ করা হয়। এ পরীক্ষায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৮৮১টি কলেজের ২ লাখ ৩২ হাজার ৬২৪ জন পরীক্ষার্থী অংশ নেন। পরীক্ষায় গড় পাসের হার ৬৫ দশমিক ১০ শতাংশ। পরীক্ষার্থীরা বিকেল ৫টা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফল বিষয়ক ওয়েবসাইটে (https://results.nu.ac.bd) ফল দেখতে পারছেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেন, ৪৭ কর্মদিবসের মধ্যে অনার্স ফাইনাল ইয়ার পরীক্ষার ফল প্রকাশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য একটি নতুন দৃষ্টান্ত। শিক্ষার্থীদের সময় ও ভবিষ্যতের কথা বিবেচনায় নিয়ে পরীক্ষা গ্রহণ থেকে ফল প্রকাশ পর্যন্ত প্রতিটি কার্যক্রমকে আরও গতিশীল করাই আমাদের লক্ষ্য। এই অর্জনের পেছনে সংশ্লিষ্ট শিক্ষক, পরীক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও প্রশাসনের সমন্বিত প্রচেষ্টা রয়েছে। এ ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উল্লেখ্য, ২০২৪ খ্রিষ্টাব্দের অনার্স ফাইনাল ইয়ার (চতুর্থ বর্ষ) পরীক্ষা গত ৩০ এপ্রিল শুরু হয়ে ১৫ জুন শেষ হয়। পরীক্ষা শেষ হওয়ার পর মাত্র ৪৭ কর্মদিবসের মধ্যে ফল প্রকাশের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ও ফল ব্যবস্থাপনায় দ্রুততা ও দক্ষতার নতুন দৃষ্টান্ত স্থাপিত হলো। প্রকাশিত ফলে কোনো ধরনের অসংগতি বা ভুলত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা প্রয়োজনে ফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে।