মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

রং তুলিতে সম্প্রীতি ও স্বাধীনতার গল্প পুরস্কারে শিশু কিশোর

ঢাকা অফিস
  • আপডেট: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

রঙ-তুলির আঁচড়ে ক্যানভাসে ফুটে উঠল দেশপ্রেম, মুক্তিযুদ্ধের চেতনা ও অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন। শিশু-কিশোরদের আঁকা ছবিতে উঠে এসেছে দেশের ইতিহাস, ঐতিহ্য, প্রকৃতি, সম্প্রীতি ও স্বাধীনতার গৌরবময় নানা অনুষঙ্গ। নতুন প্রজন্মের মধ্যে এসব মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আয়োজিত ‘সম্প্রীতি ও স্বাধীনতা’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় তিন ক্যাটাগরিতে সেরা ১২ জনকে পুরস্কৃত করা হয়েছে।

শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে নজরুল ইনস্টিটিউটে এ প্রতিযোগিতার আয়োজন করে স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদ ও স্বাধীনতা চারুশিল্পী পরিষদ। সকাল থেকেই শিশু-কিশোরদের উৎসবমুখর অংশগ্রহণে মুখর ছিল নজরুল ইনস্টিটিউট প্রাঙ্গণ। রঙের সঙ্গে স্বপ্ন ও কল্পনার মেলবন্ধনে শিশুদের ক্যানভাসে ফুটে ওঠে বাংলাদেশের নানা রূপ।

প্রতিযোগিতার উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত চিত্রশিল্পী অধ্যাপক জামাল আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি ক্ষুদে শিল্পীদের দেশ ও মানুষকে ভালোবেসে ছবি আঁকার আহ্বান জানান।

জামাল আহমেদ বলেন, সুন্দর জীবন গড়তে হলে দেশের ইতিহাস ধারণ করতে হবে। সমাজের সব স্তরের মানুষের জন্য কাজ করার মানসিকতা নিয়ে নিজেদের তৈরি করতে হবে।

তিনটি ক্যাটাগরিতে প্রতিযোগিতার আয়োজন করা হয়। শিশু শ্রেণি থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা ‘আমাদের নদী’ বিষয়ে ছবি আঁকে। চতুর্থ থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের জন্য বিষয় ছিল ‘স্বাধীনতা ও সম্প্রীতি’। আর অষ্টম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা ‘চেতনায় বাংলাদেশ’ বিষয়ে ছবি আঁকে।

তিন ক্যাটাগরিতে মোট ১২ জনকে পুরস্কৃত করা হয়। এ ছাড়া প্রতিযোগিতায় অংশ নেওয়া সব শিশু-কিশোরের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।

আয়োজকরা জানান, শিশু-কিশোরদের সৃজনশীলতার মধ্য দিয়ে নতুন প্রজন্মের কাছে দেশের ইতিহাস, মুক্তিযুদ্ধের চেতনা, ঐতিহ্য ও অসাম্প্রদায়িক মূল্যবোধ পৌঁছে দেওয়াই এ আয়োজনের মূল উদ্দেশ্য। তাঁদের বিশ্বাস, শিল্পচর্চার মাধ্যমে শিশুদের মধ্যে দেশ ও মানুষের প্রতি ভালোবাসা আরও গভীর হবে।

এতে ১৩০ শিশু অংশ নেয়। প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন চিত্রশিল্পী, কবি, শিল্প সমালোচক ও লেখক জাহিদ মুস্তাফা এবং শিল্পী সুনীল কুমার মালো। অনুষ্ঠানে স্বাধীনতা চারুশিল্পী পরিষদের আহ্বায়ক শিল্পী আশরাফুল আলম পপলুর সভাপতিত্বে সংগঠনের যুগ্ম আহ্বায়ক এলবার্ট খান, সদস্য সচিব এস এম কামরুজ্জামান সাগর প্রমুখ উপস্থিত ছিলেন।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com