ঢাকা মহানগর এলাকায় সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধেও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।সারা দেশে চাঁদাবাজদের পাশাপাশি এ ধরনের অপকর্মে জড়িত পুলিশ সদস্যদের তালিকাও তৈরি করা হচ্ছে।
গতকাল শনিবার বিকেলে ঢাকা মেডিক্যাল
কলেজ হাসপাতালে চাঁদা না দেওয়ায় হামলার শিকার অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানকে দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সালাহউদ্দিন আহমদ বলেন, অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে। এ বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা দেওয়া হয়নি।তবে যাঁরা অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হবেন, তাঁদের বিরুদ্ধেও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, সারা দেশে চাঁদাবাজদের তালিকা তৈরি করা হচ্ছে। শুধু চাঁদাবাজ নয়, এ ধরনের অপকর্মের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদেরও তালিকাভুক্ত করা হচ্ছে। চিকিৎসক আসাদুর রহমানের ওপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাতজনের অপরাধীচক্রটির মধ্যে এরই মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।নির্ধারিত সময়ে চাঁদা না দেওয়ায় ১৭ আগস্ট রাতে রাজধানীর শান্তিনগরে তাঁর ওপর হামলা চালানো হয়।
স্বরাষ্ট্রমন্ত্রীর আকস্মিক তেজগাঁও থানা পরিদর্শন : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ গতকাল বিকেলে রাজধানীর তেজগাঁও থানা আকস্মিক পরিদর্শন করেছেন। এ সময় তিনি থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অবকাঠামো ও সাধারণ মানুষের পুলিশি সেবার মান পর্যবেক্ষণ করেন। এ সময় মন্ত্রী থানার বিভিন্ন কক্ষ, হাজতখানা, পুলিশ সদস্যদের আবাসন ব্যারাক ও মেস ঘুরে দেখেন।