মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

২৭ সালের এস এস সি মার্চে নেয়ার পরিকল্পনা

ঢাকা অফিস
  • আপডেট: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে
২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ৭ জানুয়ারি নেয়ার যে পরিকল্পনা করা হয়েছিল, সেখান থেকে সরে আসার চিন্তাভাবনা করছে শিক্ষা বিভাগ।
পবিত্র রমজান ও ঈদুল ফিতর এবং অভিভাবকদের মতামতের বিষয়টি বিবেচনায় নিয়ে আগামী মার্চে এ পরীক্ষা শুরুর বিষয়ে আলোচনা চলছে। এ ক্ষেত্রে মার্চের মাঝামাঝি সময়ে পরীক্ষা শুরু হতে পারে বলে জানিয়েছেন শিক্ষা বোর্ডগুলোর মোর্চা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।
বুধবার (১৯ আগস্ট) দুপুরে গণমাধ্যমে তিনি বলেন, ‘পরীক্ষার্থী ও অভিভাবকদের মতামত বিবেচনায় নিয়ে এসএসসি পরীক্ষা মার্চ মাসে শুরু করার বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।’
তিনি আরও বলেন, আগামী বছরের ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে পবিত্র রমজান শুরু হতে পারে। সে হিসাবে রমজান ও ঈদুল ফিতর শেষে মার্চের মাঝামাঝি সময়ে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু করা হতে পারে বলে আলোচনা চলছে। তবে এখনও এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।
এর আগে আগামী বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা ৭ জানুয়ারি থেকে শুরুর ঘোষণা দিয়েছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। গত ১৪ মে দেয়া ওই ঘোষণার পর থেকেই বিষয়টি নিয়ে শিক্ষাবিদ, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়। এরই মধ্যে পরীক্ষাটির প্রস্তাবিত সময়সূচিও প্রকাশ করা হয়েছে।
তবে গত ২ জুন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, সংশ্লিষ্ট অংশীজনরা চাইলে ৭ জানুয়ারি থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরুর সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হতে পারে। সেক্ষেত্রে পরীক্ষার সূচিও পরিবর্তন করা সম্ভব বলে জানান তিনি।
এদিকে, ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষাজীবনে রয়েছে ভিন্ন ধরনের শিক্ষাক্রমের অভিজ্ঞতা। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত তারা আওয়ামী লীগ সরকারের প্রণীত নতুন শিক্ষাক্রমে পড়াশোনা করেছে। পরে নবম ও দশম শ্রেণিতে এসে ২০১০ সালের পরিমার্জিত শিক্ষাক্রমে পড়ছে তারা।
অন্যদিকে, অন্তর্বর্তী সরকারের সময়ে নবম শ্রেণিতে দেরিতে পাঠ্যবই পাওয়ায় শিক্ষার্থীরা ২০২৭ সালের এপ্রিলে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়ার প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ জানুয়ারিতে পরীক্ষা শুরু হলে প্রায় ২০ লাখ শিক্ষার্থী ক্ষতির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন পরীক্ষার্থী ও অভিভাবকদের অনেকে।
একসময় নিয়ম অনুযায়ী ফেব্রুয়ারিতে এসএসসি ও সমমান এবং এপ্রিলে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হতো। তবে করোনা মহামারি ও পরবর্তী গণঅভ্যুত্থানের কারণে শিক্ষাপঞ্জিতে বড় ধরনের পরিবর্তন আসে। এর ধারাবাহিকতায় চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে এপ্রিলে, আর এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে জুলাইয়ে।
শিক্ষার্থীদের শিক্ষাজীবনের সময় কমিয়ে আনার লক্ষ্যেই আগামী বছর এসএসসি ও সমমানের পরীক্ষা জানুয়ারিতে আয়োজনের পরিকল্পনা করেছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com