সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

ঢাকা অফিস
  • আপডেট: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, রাষ্ট্রের এই সর্বোচ্চ পদে প্রার্থীর মনোনয়নপত্র দাখিলের সময় আগামী ১৩ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত।মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১৬ আগস্ট। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট। নির্বাচনে একাধিক প্রার্থী থাকলে ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশনকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। গতকাল বৃহস্পতিবার ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এ তফসিল ঘোষণা করেন।এই নির্বাচনে নির্বাচনী কর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

 

গত ২৪ জুলাই বিকেল ৪টার দিকে ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে রাষ্ট্রপতির দায়িত্ব থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। তিনি ছিলেন দেশের ২২তম রাষ্ট্রপতি। এই অবস্থায় সংবিধান অনুযায়ী পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।আর ওই সময় পর্যন্ত স্পিকারের দায়িত্ব পালন করবেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

 

রাষ্ট্রপতি নির্বাচন আইন ১৯৯১ অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার আগে স্পিকারের সঙ্গে সিইসিকে সাক্ষাৎ করতে হয়। সাক্ষাতে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণের দিন সংসদের বৈঠক নিশ্চিত করারও বাধ্যবাধকতা রয়েছে। সেই বাধ্যবাধকতা মেনে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে গত ২৮ জুলাই জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে ইসি বৈঠক করে।

এর আগের নির্বাচনগুলোতে স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ পর্ব শেষ হওয়ার পর দুই-এক দিনের মধ্যে তফসিল ঘোষণা করা হয়েছিল।কিন্তু এবার স্পিকারের সঙ্গে সাক্ষাতের ৯ দিনের মাথায় তফসিল ঘোষণা করা হলো।

 

নির্বাচনী তফসিলে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হলেও নির্বাচন সম্পন্ন করার জন্য সাধারণত ভোটগ্রহণ পর্যন্ত পৌঁছানোর প্রয়োজন হয় না। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় পার হলেই একক প্রার্থী হিসেবে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার ঘটনা ঘটে। সে ক্ষেত্রে আগামী ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নতুন রাষ্ট্রপতিকে নির্বাচিত ঘোষণা করা হতে পারে। এর আগে জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ দল প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করলেই জানা যাবে কে হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি।

আট নির্বাচনে মাত্র একবার ভোট : ১৯৯১ সালে সংবিধানের ১২তম সংশোধনীর মাধ্যমে দেশে সংসদীয় সরকারব্যবস্থা এবং পরোক্ষ ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের বিধান চালু হওয়ার পর থেকে এ পর্যন্ত আটবার রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে মাত্র একবার রাষ্ট্রপতি পদে একাধিক প্রার্থী থাকায় সংসদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ১৯৯১ সালের রাষ্ট্রপতি নির্বাচনে তৎকালীন ক্ষমতাসীন বিএনপি আবদুর রহমান বিশ্বাসকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেয়। ওই সময়ের বিরোধী দল আওয়ামী লীগ প্রার্থী করেছিল বিচারপতি বদরুল হায়দার চৌধুরীকে। নির্বাচনে আবদুর রহমান বিশ্বাস বিজয়ী হন। পরের সাতটি নির্বাচনে ভোট ছাড়াই একক প্রার্থী হিসেবে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার ঘটনা ঘটে।

রাষ্ট্রপতি নির্বাচনে ডাকা হবে সংসদের বিশেষ অধিবেশন : রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন আহবান করা হচ্ছে। নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২০ আগস্ট সংসদ ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনকে সামনে রেখে ভোটের দুই-এক দিন আগে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বিশেষ অধিবেশন আহবান করবেন।

বিশেষ অধিবেশন আহ্বানের বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম। গতকাল তিনি জানান, নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী ২০ আগস্ট জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। সে কারণে ভোটের দুই-এক দিন আগে সংসদের বিশেষ অধিবেশন ডাকা হবে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com