মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

ব্রাজিল-আর্জেন্টিনার বন্ধুত্বপূর্ণ উন্মাদনা

ঢাকা অফিস
  • আপডেট: বুধবার, ১০ জুন, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

ফুটবল বিশ্বকাপের বাঁশি বাজার অপেক্ষায়। তবে তার আগেই কুষ্টিয়ার ভেড়ামারায় শুরু হয়েছে বিশ্বকাপের উন্মাদনা। চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকরা প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশে নেমেছেন এক অভিনব ও বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতায়। স্থানীয় জিকে ৩ নম্বর ব্রিজের দুই পাশজুড়ে টাঙানো হয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনার শত শত পতাকা। ফলে এলাকাজুড়ে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ, যা ফুটবলপ্রেমীদের মিলনমেলায় পরিণত করেছে ভেড়ামারার পরিচিত এই ব্রিজটিকে। ব্রিজের একপাশে আর্জেন্টিনার নীল-সাদা পতাকার সারি, অন্যপাশে ব্রাজিলের সবুজ-হলুদ পতাকার সমারোহ। দূর থেকে দেখলেই বোঝা যায়, বিশ্বকাপকে ঘিরে দুই দলের সমর্থকদের মধ্যে চলছে পতাকার উৎসব।

সরেজমিনে দেখা যায়, জিকে ৩ নম্বর ব্রিজ এখন দুই ফুটবল পরাশক্তির সমর্থকদের প্রতীকী মিলনস্থল। পতাকা টানানোর প্রতিযোগিতায় নেই কোনো বিরোধ বা বিভাজন। বরং খেলার প্রতি ভালোবাসা, আনন্দ ভাগাভাগি আর বন্ধুত্বপূর্ণ সহাবস্থানের এক অনন্য উদাহরণ তৈরি করেছেন স্থানীয় তরুণরা। ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকরা জানান, মাঠে দল ভিন্ন হলেও খেলা উপভোগের সময় তারা এক সঙ্গেই বড় পর্দায় বসে ম্যাচ দেখবেন। স্থানীয়দের ভাষ্য, গত কয়েকটি বিশ্বকাপের মতো এবারও এলাকার তরুণরা নিজ উদ্যোগে পতাকা টাঙিয়ে বিশ্বকাপের আবহ তৈরি করেছেন। দিন যত এগোচ্ছে, ততই বাড়ছে ফুটবল নিয়ে আলোচনা, তর্ক-বিতর্ক আর উৎসাহ। সন্ধ্যার পর ব্রিজ এলাকায় ভিড় করছেন বিভিন্ন বয়সী মানুষ। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন, আবার কেউ প্রিয় দলের জার্সি পরে অংশ নিচ্ছেন এই উৎসবে।

জিকে ৩ নম্বর ব্রিজসংলগ্ন এলাকার বাসিন্দা মামুন অর রশিদ বলেন, ‘বিশ্বকাপ আমাদের জন্য আনন্দের উপলক্ষ। সমর্থন থাকবে, প্রতিযোগিতাও থাকবে, তবে সেটি যেন কখনও বিরোধে না গড়ায়।

সবাই মিলেমিশে খেলা উপভোগ করাই সবচেয়ে বড় বিষয়।’

স্থানীয় দোকানি আবদুল হান্নান বলেন, ১১ জুন থেকে বিশ্বকাপ শুরু হচ্ছে। প্রিয় দল নিয়ে এলাকায় রীতিমতো পাগলামি শুরু হয়ে গেছে। তবে সবচেয়ে ভালো লাগার বিষয় হলো, মাঠের প্রতিদ্বন্দ্বিতা ভুলে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকরা এক সঙ্গে ব্রিজ সাজিয়েছেন। ইতোমধ্যে বিশ্বকাপের উত্তেজনা ছড়িয়ে পড়েছে এলাকার অলিগলি পর্যন্ত।

স্থানীয় তরুণ সানি ও সাকিবসহ কয়েকজন মিলে ব্রিজের একটি অংশ ব্রাজিলের পতাকা দিয়ে সাজিয়েছেন। এ বিষয়ে চিকিৎসক জাহাঙ্গীর আলম পারভেজ বলেন,

খেলাধুলাকে কেন্দ্র করে তরুণদের এমন ইতিবাচক উদ্যোগ অবশ্যই প্রশংসার দাবি রাখে। পুরো এলাকায় এখন উৎসবের আমেজ বিরাজ করছে। বিশ্বকাপ শুরুর আগেই এই আয়োজন মানুষকে এক করেছে।

শুধু জিকে ৩ নম্বর ব্রিজই নয়, ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের বাজার এলাকায়ও স্থানীয় ব্রাজিল সমর্থকদের উদ্যোগে তৈরি করা হয়েছে একটি বিশাল ব্রাজিলের পতাকা। পতাকা তৈরির অন্যতম উদ্যোক্তা জামিল হাছান জানান, দীর্ঘদিনের ভালোবাসা থেকেই তারা এই উদ্যোগ নিয়েছেন। গ্রামের যুবকদের অংশগ্রহণে আয়োজিত এ কার্যক্রমের লক্ষ্য ফুটবল উন্মাদনাকে আরও ছড়িয়ে দেওয়া।

অন্যদিকে আর্জেন্টিনা সমর্থক ও স্থানীয় ব্যবসায়ী হারুন আর রশিদ, রোকন, জাস্টিস, সুইট, হৃদয় ও লিখন জানান, গত দুই বিশ্বকাপেও তারা একইভাবে ঐক্যবদ্ধ হয়ে আয়োজন করেছিলেন। এবারও পূর্ব ভেড়ামারার জিকে ৩ নম্বর ব্রিজ এলাকায় পতাকা টাঙিয়ে সাজানো হয়েছে। তারা বলেন, আমরা এক সঙ্গে বসে খেলা দেখি, খাওয়াদাওয়ার আয়োজন করি, যুক্তিতর্ক করি, কিন্তু কখনও অপ্রীতিকর কোনো ঘটনা ঘটতে দিই না। ফুটবল আমাদের কাছে আনন্দ ও বন্ধুত্বের উৎসব।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com