ঈদুল আজহা উপলক্ষে নৌপথে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান। তিনি বলেন, “মানুষকে স্বস্তি ও নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়া ও তাদের আবার নিরাপদে কর্মস্থলে ফিরিয়ে আনাই আমাদের মূল লক্ষ্য।”
বুধবার (২৭ মে) রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘‘ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা, অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ এবং যাত্রীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে।’’
তিনি বলেন, অপ্রয়োজনীয় নৌকা চলাচল বন্ধ রাখার উদ্যোগের কারণে সদরঘাট এলাকায় যাত্রীদের চলাচল অনেক স্বাভাবিক হয়েছে। যাত্রীরা এখন সহজে লঞ্চে ওঠানামা করতে পারছেন এবং আগের তুলনায় ভোগান্তিও কমেছে। পাশাপাশি যাত্রীদের অভিযোগ দ্রুত শুনে সমাধানের চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।
চাঁদপুরগামী কয়েকটি লঞ্চে অতিরিক্ত যাত্রী পরিবহনের অভিযোগ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘‘অনেক সময় যাত্রীরা নিজেরাই লঞ্চের সামনে বা ছাদে অবস্থান করেন, ফলে বাইরে থেকে অতিরিক্ত ভিড় মনে হয়। তবে প্রতিটি লঞ্চের ধারণক্ষমতা নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে এবং অনিয়ম প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।’’
ঘাটের বাইরের সড়কে হকার ও অবৈধ দখলের বিষয়ে তিনি বলেন, ‘‘এসব সমস্যা নিরসনেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে। সবাই সহযোগিতা করলে ভবিষ্যতে নৌপথের যাত্রা আরও নিরাপদ ও স্বস্তিদায়ক হবে।’’