মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

বিমানবাহিনী একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত

ঢাকা অফিস
  • আপডেট: শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে
বাংলাদেশ বিমান বাহিনীর ৮৮তম বাফা কোর্স, ডিরেক্ট এন্ট্রি এবং এসপিএসএসসি-২০২৬ কোর্সের কমিশন প্রাপ্তি উপলক্ষে রাষ্ট্রপতি কুচকাওয়াজ (গ্রীষ্মকালীন) অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) যশোরে অবস্থিত বিমানবাহিনী একাডেমি প্যারেড গ্রাউন্ডে এ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। 

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। এ সময় তিনি গ্র্যাজুয়েটিং অফিসারদের মাঝে পদক এবং ফ্লাইং ব্যাজ বিতরণ করেন।

আইএসপিআর জানায়, অফিসার ক্যাডেট তাহসিন আহম্মেদ কোরাইশী ৮৮তম বাফা কোর্সের প্রশিক্ষণে সার্বিক কৃতিত্বের জন্য ‘সোর্ড অব অনার’, অফিসার ক্যাডেট আদনান হক উড্ডয়ন প্রশিক্ষণে সেরা কৃতিত্বের জন্য ‘বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ট্রফি’ এবং অফিসার ক্যাডেট মোহাম্মদ আনান চৌধুরী জেনারেল সার্ভিস প্রশিক্ষণে কৃতিত্বের জন্য ‘কমান্ড্যান্টস্ ট্রফি’ লাভ করেন।

এ ছাড়া ৮৮তম বাফা কোর্স (গ্রাউন্ড ব্রাঞ্চ)-এ সেরা কৃতিত্বের জন্য অফিসার ক্যাডেট মোহাম্মদ আনান চৌধুরী ‘বিমানবাহিনী প্রধানের ট্রফি’ লাভ করেন। উল্লেখ্য, এই গ্রীষ্মকালীন টার্মে বীর-উত্তম সুলতান মাহমুদ স্কোয়াড্রন চ্যাম্পিয়ন বিবেচিত হয়ে একাডেমি পতাকা লাভ করে।

অনুষ্ঠানে বিমানবাহিনী প্রধান গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন একাত্তরের মহান মুক্তিযুদ্ধে শাহাদাতবরণকারী সব মুক্তিযোদ্ধাকে। তিনি আরো স্মরণ করেন মুক্তিযুদ্ধে অটল মনোবল সৃষ্টিকারী অকুতোভয় ও দুঃসাহসিক আকাশ যুদ্ধ পরিচালনাকারী কিলো ফ্লাইটের সদস্যদের, যাঁদের অক্লান্ত পরিশ্রম ও আত্মত্যাগের বিনিময়ে সুদৃঢ় ভিত্তির ওপর ক্ষুদ্র পরিসরে জন্ম নেওয়া বিমানবাহিনী আজ একটি সুশৃঙ্খল ও সুসজ্জিত বাহিনীতে পরিণত হয়েছে।

 

তিনি বলেন, বাংলাদেশ বিমান বাহিনী বহু প্রতিকূলতা অতিক্রম করে আজকের এই গৌরবোজ্জ্বল অবস্থানে উপনীত হয়েছে। বর্তমানে বিমানবাহিনী একটি সুসংগঠিত ও আধুনিক বাহিনী, যার কর্মপরিধি ক্রমেই বিস্তৃত হচ্ছে। দেশের আকাশসীমার প্রতিরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক দুর্যোগ মোকাবেলা, উদ্ধার অভিযান এবং ত্রাণসামগ্রী বিতরণ, সেনা ও নৌবাহিনী এবং বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদান, দেশ গঠন ও আর্তমানবতার সেবায় বাংলাদেশ বিমান বাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি আরো বলেন, দেশের পরিবর্তিত পরিস্থিতিতে বিমানবাহিনীর সদস্যগণ অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে বিমানবন্দরসমূহের সব ফ্লাইট কার্যক্রম স্থিতিশীল রাখাসহ সেবা ও নিরাপত্তা ব্যবস্থার দৃশ্যপট বদলে দিয়েছিল, যা পরবর্তীতে জাতীয় ও আন্তর্জাতিক মহলে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। একই সাথে বাংলাদেশ বিমান বাহিনী কর্তৃক গঠিত টাস্কফোর্স বিমানবন্দরে পেশাদারি, সাহসিকতা ও সততার সাথে দায়িত্ব পালন করছে।

এ ছাড়া বিমানবাহিনী প্রধান তাঁর বক্তব্যে বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়নে চলমান প্রচেষ্ঠাসমূহের ওপর আলোকপাত করেন। পরিশেষে, তিনি সদ্য কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের সাফল্য কামনা করেন এবং বাংলাদেশ বিমান বাহিনী একাডেমির সব সদস্যকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

এ কুচকাওয়াজের মাধ্যমে ৫ জন মহিলা অফিসার ক্যাডেটসহ মোট ৪১ জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন। অফিসার ক্যাডেট একাডেমি সিনিয়র আন্ডার অফিসার তাহসিন আহম্মেদ কোরাইশী আনুষ্ঠানিক কুচকাওয়াজের নেতৃত্ব প্রদান করেন। কুচকাওয়াজ শেষে বিমানবাহিনী একাডেমির বিভিন্ন প্রকার বিমানের মনোজ্ঞ ফ্লাইপাস্ট, আকর্ষণীয় অ্যারোবেটিক ডিসপ্লে এবং বিমান বাহিনীর চৌকষ প্যারাট্রুপারদের হেলিকপ্টার হতে দৃষ্টিনন্দন প্যারা জাম্পিং অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কূটনৈতিক মিশনের সদস্যবর্গ, সামরিক ও অসামরিক উচ্চপদস্থ কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সদ্য কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com