মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

সুষ্ঠু তদন্তের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর, সাত দিন সময়সীমা আইনমন্ত্রীর

ঢাকা অফিস
  • আপডেট: শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সম্ভাব্য সংক্ষিপ্ততম সময়ের মধ্যে এ মামলার সুষ্ঠু তদন্ত সম্পন্ন করে আদালতে চার্জশিট দাখিল করা হবে। মন্ত্রী বলেন, ‘আমরা এটুকু নিশ্চয়তা দিতে পারি, আমাদের পক্ষ থেকে সংক্ষিপ্ত সময়ের ভেতরে সুষ্ঠু তদন্ত করে চার্জশিট দাখিল করা হবে।

’ 

এদিকে মামলার তদন্ত প্রতিবেদন সাত দিনের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বিচার দ্রুত শেষ করার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি সোহেল ও তাঁর সহযোগী স্ত্রীকে ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। মূল আসামি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

মন্ত্রী গতকাল বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সমসাময়িক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন। 

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর দেশে সংঘটিত প্রতিটি জঘন্য অপরাধের ক্ষেত্রে পুলিশ সর্বোচ্চ পেশাদারির সঙ্গে তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছে। প্রতিটি ঘটনার আসামিদের দ্রুততম সময়ে আইনের আওতায় আনা হয়েছে এবং এর কোনো ব্যত্যয় ঘটেনি। মন্ত্রী দেশের আইন-শৃঙ্খলার উন্নয়নে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর দুই ধরনের কার্যক্রমের কথা উল্লেখ করে বলেন, অপরাধ দমনে পুলিশ ‘প্রো-অ্যাক্টিভ’ ও ‘রি-অ্যাক্টিভ’ উভয় পদ্ধতিতে কাজ করছে।

 

মন্ত্রী জানান, দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এবং বিচারিক প্রক্রিয়ার বাইরে থাকা বেশ কিছু গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলা বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর নতুন করে তালিকাভুক্ত করে তদন্তের উদ্যোগ নিয়েছে। এর মধ্যে অন্যতম কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের ছাত্রী তনু হত্যা মামলা। এ মামলার একজন আসামিকে গ্রেপ্তার করে ডিএনএ ম্যাচিংয়ের প্রক্রিয়া চলমান রয়েছে এবং এরই মধ্যে আরো একজন আসামিকে শনাক্ত করা গেছে। এ ছাড়া কুমিল্লায় সংঘবদ্ধ ধর্ষণ, বগুড়ায় তরুণী ধর্ষণ, কাপাসিয়ায় পাঁচ খুন এবং ঢাকার মাণ্ডায় প্রবাসী হত্যাকাণ্ডের মতো প্রতিটি ঘটনায় জড়িত সব আসামিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ চিরুনি অভিযান ও ব্লক রেইডের কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মে মাসের প্রথম সপ্তাহ থেকে ঢাকার মোহাম্মদপুর, শেরেবাংলানগর ও আদাবর এলাকায় নিশ্ছিদ্র তল্লাশি ও ব্লক রেইড চলছে।

এ ছাড়া গত ১৮ ও ১৯ মে যাত্রাবাড়ী ও তেজগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে যথাক্রমে ৪১ জন এবং ৬৩ জন ওয়ারেন্টভুক্ত আসামি ও ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। চট্টগ্রাম ও উখিয়া-টেকনাফ অঞ্চলেও র‌্যাব-১৫-এর বিশেষ অভিযানে দীর্ঘদিনের পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। 

আইন সংস্কার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আইন সংস্কার একটি চলমান প্রক্রিয়া এবং সময়ের চাহিদা অনুযায়ী সব আইনকে যুগোপযোগী করা হবে।’ তবে তিনি সতর্ক করে বলেন, কোনো সাময়িক ক্ষোভ মেটাতে গিয়ে আবেগতাড়িত হয়ে চটজলদি আইন প্রণয়ন বা বিশেষ আদালত গঠন করা সমীচীন নয়। দ্রুত বিচার নিশ্চিত করতে গিয়ে যেন কোনো ‘অবিচার’ না হয় বা কঠোর আইনের অপব্যবহার না হয়, সেদিকেও লক্ষ রাখতে হবে।

আইনমন্ত্রী যা বললেন : গতকাল সকালে সচিবালয়ে রামিসা হত্যাকাণ্ডের বিষয়ে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংস হত্যার ঘটনায় বিচারের দৃষ্টান্ত স্থাপন করা না গেলে সমাজে ‘খারাপ বার্তা’ যাবে। ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে আগামী এক সপ্তাহের মধ্যে মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে।

আইনমন্ত্রী বলেন, ‘এটা কষ্টের কথা, খুবই কষ্টের কথা। আমাদের পক্ষ থেকে এই বিচারের প্রক্রিয়াটাকে সামনের দিকে দ্রুত সম্পন্ন করার জন্য যা কিছু করা সম্ভব, আমরা সবকিছু করব। রামিসার বাবা যে হতাশা ব্যক্ত করেছেন, সেটার একমাত্র উত্তর হবে, যদি আমরা এ বিচার প্রক্রিয়াটাকে প্রত্যাশিতভাবে অতি দ্রুততম সময়ের মধ্যে করতে পারি। সেটাই হবে আমাদের জবাব।’

তিনি বলেন, ‘রামিসার যে ঘটনাটি ঘটেছে, এটি আমাদের সমাজের জন্য অত্যন্ত ক্ষতিকর, দুঃখজনক এবং এটি একটি ঘূণে ধরা সমাজের দৃষ্টান্ত। মাগুরার আছিয়াই হোক কিংবা ঢাকার রামিসাই হোক, সবকিছুই কিন্তু আমাদের মনুষ্যত্বকে প্রশ্নবিদ্ধ করে। এমন অপরাধ আমরা কোনোভাবেই আনচ্যালেঞ্জড হতে দেব না। বিচারপ্রক্রিয়া দ্রুত করার জন্য আমাদের যা কিছু করা প্রয়োজন, আমরা তার সবটুকু করব।’

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com