প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি’র (নিকার) বৈঠকে নতুন একটি সিটি করপোরেশন ও নতুন পাঁচটি উপজেলার অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নিকারের বৈঠকে নতুন সিটি করপোরেশন ও নতুন পাঁচ উপজেলার অনুমোদন দেওয়া হয়।
বগুড়া সিটি করপোরেশনসহ পাঁচটি নতুন উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন করেছে নিকার। বর্তমানে দেশে ১২টি সিটি করপোরেশন রয়েছে।
বগুড়া নিয়ে সিটি করপোরেশনের সংখ্যা হবে ১৩।
অন্যদিকে নতুন উপজেলাগুলো হলো—বগুড়ার শিবগঞ্জ উপজেলাকে ভাগ করে ‘মোকামতলা’, কক্সবাজারের চকরিয়া উপজেলাকে ভাগ করে ‘মাতামুহুরী’, ঠাকুরগাঁওয়ের সদর উপজেলাকে ভাগ করে ‘রুহিয়া’ ও ‘ভুল্লী’ এবং লক্ষ্মীপুরের সদর উপজেলাকে ভাগ করে ‘চন্দ্রগঞ্জ’ নামে নতুন উপজেলা গঠন করা হয়েছে। দেশে বর্তমানে ৪৯৫টি উপজেলা রয়েছে। নতুন পাঁচটি নিয়ে উপজেলার সংখ্যা হবে ৫০০।
প্রধানমন্ত্রীর সঙ্গে টিআইবির নির্বাহী পরিচালকের সাক্ষাৎ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।
গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎ হয় বলে জানিয়েছেন তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে টিআইবির নির্বাহী পরিচালক দেশকে দুর্নীতিমুক্ত করতে করণীয় বিষয় নিয়ে আলোচনা করেছেন। প্রধানমন্ত্রী তাঁর সরকারের দূর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা বলেছেন।
’ সাক্ষাতের সময় মন্ত্রিপরিষদসচিব নাসিমুল গনি উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর উপস্থিত সাংবাদিকদের ইফতেখারুজ্জামান বলেন, ‘সুশাসন এবং দুর্নীতিবিরোধী বিষয়ে আমরা সরকারকে কিছু সুনির্দিষ্ট সুপারিশ করেছি। প্রধানমন্ত্রী বিষয়গুলোকে অত্যন্ত ইতিবাচক হিসেবে নিয়েছেন এবং এগুলো বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন। বিশেষ করে দুদকের মতো প্রতিষ্ঠানগুলোর সংস্কার ও পুনর্গঠন হওয়া জরুরি—এ বিষয়ে আমরা পরামর্শ দিয়েছি।’
তিনি বলেন, ‘বর্তমান সরকার বিশ্বজুড়ে এই বার্তা দিতে চায় যে তাঁরা দুর্নীতির বিরুদ্ধে আপসহীন এবং অঙ্গীকারবদ্ধ।
এরই অংশ হিসেবে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে ২০২৮ সালের আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী কনফারেন্স বাংলাদেশে আয়োজন করার প্রস্তাব দিয়েছে টিআইবি।’
ইফতেখারুজ্জামান আরো বলেন, ‘আন্তর্জাতিক এই সম্মেলন বাংলাদেশে করার বিষয়ে আমরা প্রধানমন্ত্রীর সহযোগিতা চেয়েছি। তিনি এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন। প্রতি দুই বছর পর পর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সম্মেলন হয়। চলতি বছর সম্মেলন হবে ডোমিনিকান প্রজাতন্ত্রে। এর আগে এশিয়ায় মাত্র তিনটি দেশ মালয়েশিয়া, থাইল্যান্ড ও কোরিয়া এই আয়োজন করেছে।’
ইফতেখারুজ্জামান বলেন, ‘আমরা মনে করি, ২০২৮ সালের সম্মেলন বাংলাদেশে আয়োজনের উপযুক্ত সময়। প্রধানমন্ত্রী নীতিগতভাবে একমত হয়েছেন। মন্ত্রিপরিষদের সম্মতি পেলে বাংলাদেশ আয়োজনের চেষ্টা করবে। দুর্নীতি দমন কমিশন পুনর্গঠনের বিষয়টি নিয়েও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।’
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ওয়াকফ প্রশাসক সাফিজ উদ্দিন আহমেদ। গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে মন্ত্রী পরিষদ বিভাগে এই সাক্ষাৎ হয়েছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং। সাক্ষাতের সময় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, সংসদ সদস্য শামীম কায়সার লিংকন এবং ধর্মসচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদ উপস্থিত ছিলেন। সারা দেশে ওয়াকফ সম্পত্তির রক্ষণাবেক্ষণ ও জনকল্যাণে এর ব্যবহারে নানাবিধ কাজ করে বাংলাদেশ ওয়াকফ প্রশাসন।
ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় দ্রুত পদক্ষেপ নিতে বললেন প্রধানমন্ত্রী
দেশের হাওর অঞ্চলে ভারি বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় দ্রুত পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট ব্যক্তদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্যে স্বচ্ছতার সঙ্গে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করতে প্রয়োজনীয় নির্দেশনাও দেন তিনি। গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী।