ভালুকা প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকা উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে শ্রমিকবাহী একটি বাস খাদে পড়ে এক পোশাককর্মীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।
সোমবার (৪ মে) সন্ধ্যায় ভারাডোবা-ঘাটনাইল সড়কের নিঝুরি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রোকসানা আক্তার (৩০) উপজেলার মেদুয়ারী ইউনিয়নের বগজান গ্রামের খোরশেদ আলমের স্ত্রী। হতাহতরা সবাই ভালুকার কাঠলী এলাকায় অবস্থিত একটি স্পিনিং মিলের শ্রমিক বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কর্মস্থল থেকে কারখানার বাসে করে শ্রমিকরা মেদুয়ারী এলাকায় ফিরছিলেন। পথে নিঝুরি বাজার এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি সড়কের পাশে খাদে পড়ে উল্টে যায়।
দুর্ঘটনায় অন্তত ২০ জন শ্রমিক আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
গুরুতর আহত রোকসানা আক্তারকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে নেওয়ার পথে তিনি মারা যান।