সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

পাকিস্তানে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল, অবরোধ নিয়ে শর্ত ইরানের

ঢাকা অফিস
  • আপডেট: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

ইরানের সঙ্গে আলোচনার লক্ষ্যে একটি মার্কিন প্রতিনিধিদল পাকিস্তানে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রবিবার এ তথ্য জানিয়েছেন। আজ সোমবার মার্কিন প্রতিনিধিদলের পাকিস্তান পৌঁছার কথা। আগামীকাল মঙ্গলবার দ্বিতীয় দফায় আলোচনা হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প।

তবে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ বজায় থাকা অবস্থায় আলোচনার জন্য পাকিস্তানে কোনো প্রতিনিধিদল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইরান। দেশটির তাসনিম নিউজ এজেন্সি গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এদিকে যেভাবেই হোক ইরানের সঙ্গে শান্তিচুক্তি হবে বলে জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেছেন, শান্তিচুক্তি ‘যেকোনো উপায়ে হবেই।

হয় সোজা পথে, নয়তো কঠিন পথে।’ 

আগামী বুধবার বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে যাচ্ছে। দুই দেশের মধ্যকার ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ আর মাত্র দুই দিন বাকি থাকতে নতুন করে আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে পরস্পরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র ও ইরান।

হরমুজ প্রণালিতে ইরানের কর্মকাণ্ডকে যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন বলে অভিযোগ করেন ট্রাম্প। গুরুত্বপূর্ণ এই নৌপথে ইরান আবারও জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে। ইরানের দাবি, যুক্তরাষ্ট্র তাদের ‘বিশ্বাসের মর্যাদা’ রাখেনি। ইরান ফের অবরোধ শুরু করার পর গতকাল হরমুজ প্রণালির আশপাশে জাহাজ চলাচল আবারও স্থবির হয়ে পড়ে। হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টাকালে গতকাল দুটি তেলবাহী ট্যাংকার ফিরিয়ে দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)।
মেরিন ট্রাফিক ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, গতকাল কোনো জাহাজ ওই এলাকা পার হতে পারেনি। এদিন একটি ট্যাংকার ও একটি কনটেইনারবাহী জাহাজে হামলার খবর পাওয়া গেছে। 

অন্যদিকে, যুক্তরাষ্ট্র ও ইরান নিজেদের অবস্থানে অনড় থাকায় সমঝোতা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ইরানের পার্লামেন্টের স্পিকার ও আলোচক দলের প্রধান মোহাম্মদ বাঘের গালিবাফ জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় কিছুটা অগ্রগতি হয়েছে। তবে তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, কোনো চুক্তিতে পৌঁছাতে হলে যুক্তরাষ্ট্র ও ইরানকে এখনো দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। বেশ কিছু মৌলিক বিষয়ে এখনো বড় ধরনের মতপার্থক্য রয়ে গেছে।  তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত থাকলে ইরান হরমুজ প্রণালি বন্ধ রাখার সিদ্ধান্ত থেকে সরে আসবে না। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, দুই দেশই আলোচনা চালিয়ে যেতে আগ্রহী, তবে বেশ কিছু বিষয়ে এখনো গভীর মতপার্থক্য রয়ে গেছে।

এদিকে ইরানি বন্দর থেকে মার্কিন অবরোধ না তোলা পর্যন্ত হরমুজ প্রণালি ‘পুরোপুরি বন্ধ’ রাখার ঘোষণা দিয়েছে আইআরজিসি।

অন্যদিকে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার দ্বিতীয় পর্বের জন্য এখনো কোনো নির্দিষ্ট তারিখ বা স্থান ঘোষণা করা না হলেও পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে দেখা গেছে।

যেকোনো উপায়ে শান্তিচুক্তি হবে : ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন। তবে এর পরও একটি শান্তিচুক্তি সম্ভব বলে তিনি মনে করেন। ট্রাম্প আশাবাদ ব্যক্ত করেছেন যে শেষ পর্যন্ত একটি শান্তিচুক্তি সম্ভব হবে।

তবে শান্তিচুক্তিতে রাজি হওয়ার জন্য ইরানের কাছে এটাই ‘শেষ সুযোগ’ বলে মন্তব্য করেছেন তিনি। তিনি বলেন, ‘আমরা অত্যন্ত ন্যায্য ও যুক্তিসংগত একটি প্রস্তাব দিচ্ছি এবং আমি আশা করি তারা (ইরান) তা গ্রহণ করবে। যদি তারা তা না করে, তবে যুক্তরাষ্ট্র ইরানের প্রতিটি বিদ্যুৎকেন্দ্র এবং প্রতিটি সেতু ধ্বংস করে দেবে। আর কোনো ভদ্রতা নয়! তাদের পতন হবে দ্রুত, সহজভাবে। যদি তারা এই চুক্তি গ্রহণ না করে, তবে যা করা দরকার তা করতে পারাটা আমার জন্য সম্মানের হবে, যা গত ৪৭ বছর ধরে অন্য প্রেসিডেন্টদের ইরানের প্রতি করা উচিত ছিল। ইরানের এই হত্যাযন্ত্রের (কিলিং মেশিন) অবসান ঘটানোর সময় এসেছে!’

যুক্তরাষ্ট্র-ইরান সম্ভাব্য আলোচনার আগে ইসলামাবাদে কঠোর নিরাপত্তা

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার দ্বিতীয় পর্বের জন্য এখনো কোনো নির্দিষ্ট তারিখ বা স্থান ঘোষণা করা হয়নি। তবে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে দেখা গেছে। তুরস্ক ও মিসরের সমর্থনে এই আলোচনা এগিয়ে নিতে পাকিস্তানের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। একই সঙ্গে ট্রাম্পও ইঙ্গিত দিয়েছেন যে ইরানের সঙ্গে কোনো চুক্তি হলে তিনি ইসলামাবাদ সফর করতে পারেন।

জেডি ভ্যান্স ছাড়াই পাকিস্তান যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল

ইরানের সঙ্গে আলোচনায় অংশ নিতে এবার পাকিস্তান যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। মূলত নিরাপত্তা নিয়ে শঙ্কার কারণে তিনি মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন না বলে জানিয়েছেন ট্রাম্প। মার্কিন প্রতিনিধিদলে বিশেষ দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারও অংশ নেবেন।

ইরানের পারমাণবিক অধিকার কেড়ে নেওয়ার ট্রাম্প কে : ইরানের প্রেসিডেন্ট

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান গতকাল বলেছেন, ইরানের পারমাণবিক অধিকার খর্ব করার কোনো অধিকার যুক্তরাষ্ট্রের নেই। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার মধ্যেই এই মন্তব্য করেন ইরানের প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘ট্রাম্প বলেছেন ইরান তার পারমাণবিক অধিকার ব্যবহার করতে পারবে না। কিন্তু তিনি এটি বলছেন না যে কোন অপরাধে এ বাধা দেওয়া হচ্ছে? একটি জাতির অধিকার কেড়ে নেওয়ার তিনি কে?’

ইরান থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু আজ

যুদ্ধ পরিস্থিতির কারণে বন্ধ থাকা আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালুর ঘোষণা দিয়েছে ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। দেশটির উত্তর-পূর্বাঞ্চলের মাশহাদ বিমানবন্দর থেকে আজ থেকে আন্তর্জাতিক যাত্রীবাহী ফ্লাইট চলাচলের অনুমতি দিয়েছে সরকার। ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলা শুরু হলে ইরানের সব বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট কার্যক্রম স্থগিত করা হয়েছিল।

ইরানের হামলায় তেল আবিবের হাজারের বেশি অ্যাপার্টমেন্ট বসবাসের অনুপযোগী

ইসরায়েলের বাণিজ্যিক কেন্দ্র তেল আবিবে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শহরটির মেয়র রন হুলদাই স্থানীয় টেলিভিশন চ্যানেল ১২-কে জানিয়েছেন, হামলার ফলে এক হাজারের বেশি অ্যাপার্টমেন্ট এখন বসবাসের জন্য অনুপযোগী হয়ে পড়েছে। তিনি জানান, এসব ভবনের কাঠামোগত ক্ষতি এতটাই বেশি যে সেগুলোতে বসবাস করা নিরাপদ নয়। ক্ষতিগ্রস্ত ভবনের বাসিন্দাদের অনেককে এরই মধ্যে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে। আলজাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, সর্বশেষ হিসাব অনুযায়ী, ইসরায়েলে ইরানের হামলায় অন্তত ২৬ জন নিহত এবং দুই হাজার ৬০০ জনের বেশি আহত হয়েছেন।

যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে ‘তিক্ত পরাজয়ের’ হুঁশিয়ারি মোজতবা খামেনির

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সতর্ক করে বলেছেন, তাঁর দেশের নৌবাহিনী শত্রুদের ‘নতুন তিক্ত পরাজয়’ উপহার দিতে প্রস্তুত রয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বার্তায় এই হুঁশিয়ারি দেওয়া হয়। সেখানে বলা হয়, পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে ইরানের নৌবাহিনী সক্রিয়ভাবে প্রস্তুত রয়েছে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com