কেন্দুয়া প্রতিনিধি: নেত্রকোণার কেন্দুয়া পৌর শহরের মধ্যবাজার এলাকায় সিসি সড়ক উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় ফিতা কেটে এ উন্নয়ন কাজের উদ্বোধন করেন উপজেলা নিবার্হী অফিসার ও কেন্দুয়া পৌরসভার প্রশাসক মো. রিফাতুল ইসলাম।
উদ্বোধনকৃত সড়কটি কেন্দুয়া মধ্যবাজার মেইন রোডের আইএফআইসি ব্যাংক সংলগ্ন এলাকা থেকে সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় হয়ে মো. আব্দুর রহমান রউফ (কাঞ্চনকারী)’র বাড়ি পর্যন্ত বিস্তৃত। ‘আপগ্রেডিং অব সিসি রোড বাই ইউনি ব্লক’ প্রকল্পের আওতায় এ সড়কের উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে।
জানা গেছে, লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্ট (এলজিআরআরপি)-এর আওতায় এবং বিশ্বব্যাংক-এর অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। এমএস জিয়াউল ট্রেডার্স টুশিবা এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি সম্পন্ন করবে। এ উন্নয়ন প্রকল্পে প্রায় অর্ধকোটি টাকা ব্যয় ধরা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাঈম-উল ইসলাম চৌধুরী, কেন্দুয়া পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফারুক ওয়াহিদ, উপসহকারী প্রকৌশলী (সিভিল) রাজু আহম্মেদ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, কেন্দুয়া পৌর বিএনপির সদস্য মজনু রহমান খন্দকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী।
এ সড়ক উন্নয়ন কাজ সম্পন্ন হলে মধ্যবাজার এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে এবং স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের চলাচল আরও সহজ হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।








